জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে আনসার ব্যাটালিয়নের ৮টি প্লাটুন মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা শহরের বেদগ্রামে ২৩ আনসার ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বাহিনীর ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক মো. আসাদুজ্জামান গনি।
তিনি জানান, দায়িত্ব পালনের সময় আনসার সদস্যরা কোনো মারণাস্ত্র বহন করবেন না এবং লাইভ বুলেট ব্যবহার করবেন না। শব্দ, বাঁশি ও শারীরিক উপস্থিতিসহ অন্যান্য কৌশলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করবেন তাঁরা। সড়ক অবরোধ, যানবাহনে অগ্নিসংযোগ কিংবা সম্পদের ক্ষতির মতো ঘটনা ঘটলে যথাসম্ভব কম শক্তি প্রয়োগ করা হবে।
মোতায়েন করা সদস্যরা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন। গোপালগঞ্জ সদর উপজেলায় বিজিবির সঙ্গে এবং টুঙ্গিপাড়ায় এসআরবির সঙ্গে যৌথ টহল দেবেন আনসার সদস্যরা। এ ছাড়া একটি প্লাটুন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকায় এবং আরেকটি প্লাটুন বিসিক কার্যালয় ও আশপাশের এলাকায় স্থায়ী নিরাপত্তার দায়িত্বে থাকবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মেনে কাজ করবেন সদস্যরা।
গত রোববার জেলা শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মিছিল, পুলিশের ব্যারিকেড ভাঙচুর ও বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনার পর জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিজিবির ১০ প্লাটুনও মোতায়েন রয়েছে। এ ছাড়া গাজীপুরে ৬ প্লাটুন ও নারায়ণগঞ্জে ৪ প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।



















