ম্যানিলায় আসিয়ান-চীন সম্মেলনে উন্নত মুক্ত বাণিজ্য চুক্তির কথা জানালেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। সোমবার ২৯তম আসিয়ান-চীন সম্মেলনে তিনি বলেন, চীন-আসিয়ান মুক্ত বাণিজ্য এলাকা ৩.০ উন্নত প্রটোকল দুই পক্ষের মধ্যে আরও বড় আঞ্চলিক বাজার গড়ার প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি করবে।
নতুন চুক্তিতে ডিজিটাল ও সবুজ অর্থনীতি, সরবরাহ শৃঙ্খলের সংযোগ, শুল্ক প্রক্রিয়া, স্বচ্ছতা, প্রতিযোগিতা, ভোক্তা সুরক্ষা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের মতো নতুন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর কথা রয়েছে। চুক্তিটি ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা।
সম্মেলনে লি জানান, গত বছর চীন ও আসিয়ানের মধ্যে বাণিজ্য ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা ২০২১ সালের তুলনায় ২০ দশমিক ১ শতাংশ বেশি। ২০২৬ সালের প্রথম ১০ মাসে দুই পক্ষের বাণিজ্য আরও ২৯ দশমিক ৬ শতাংশ বেড়েছে। এ পর্যন্ত দুই পক্ষের মোট বিনিয়োগ ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা পাঁচ বছর আগের তুলনায় ৫০ শতাংশের বেশি।
একই সম্মেলনে ২০২৬-২০৩০ সালের জন্য আসিয়ান-চীন সমন্বিত কৌশলগত অংশীদারিত্বের কর্মপরিকল্পনাও গৃহীত হয়েছে। এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আসিয়ান-চীন সম্পর্কের ৩৫ বছর এবং সমন্বিত কৌশলগত অংশীদারিত্বের পাঁচ বছর পূর্তির বছরে। সম্মেলনে সভাপতিত্ব করেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র।
এদিকে একই সম্মেলন উপলক্ষে আসিয়ানের ডিজিটাল অর্থনীতি কাঠামো চুক্তিও সই হয়েছে। বিশ্বের প্রথম আঞ্চলিক ডিজিটাল অর্থনীতি চুক্তি হিসেবে পরিচিত এই চুক্তির লক্ষ্য ২০৩০ সালের মধ্যে আসিয়ানের ডিজিটাল অর্থনীতিকে ২ ট্রিলিয়ন ডলারে দ্বিগুণ করা।



















