ইউরোভিশন সং কনটেস্ট এশিয়ার প্রথম আসরেই বাজিমাত করেছে ফিলিপাইন। দেশটির সংগীতশিল্পী কারমেল ‘সোবর-সোবর’ গান পরিবেশন করে জিতে নিয়েছেন প্রতিযোগিতার প্রথম শিরোপা।
শনিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ওয়ান ব্যাংকক ফোরামে বসে এই সংগীত প্রতিযোগিতার প্রথম আসর। এতে এশিয়ার ১১টি দেশের শিল্পীরা অংশ নেন। জাতীয় জুরি ও দর্শকদের ভোটের সমন্বয়ে নির্ধারিত হয় বিজয়ী। মোট ফলাফলের ৫০ শতাংশ ছিল দর্শকদের ভোট।
কারমেল মোট ২১১ পয়েন্ট পেয়ে প্রথম হয়েছেন। এর মধ্যে জাতীয় জুরির ভোটে তিনি পেয়েছেন ৯৩ পয়েন্ট, আর দর্শকদের ভোটে পেয়েছেন ১১৮ পয়েন্ট। দুই ভোটেই তিনি ছিলেন শীর্ষে। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে স্বাগতিক থাইল্যান্ড, আর তৃতীয় হয়েছে ভিয়েতনাম।
বিজয়ীর হাতে তুলে দেওয়া হয়েছে স্ফটিকের মাইক্রোফোন আকৃতির ট্রফি। ট্রফিটি তুলে দিয়েছেন বুলগেরিয়ার সংগীতশিল্পী দারা। বিজয়ী হিসেবে আগামী বছর বুলগেরিয়ায় ইউরোভিশনে গান পরিবেশনের সুযোগও পাবেন কারমেল।
১৯ বছর বয়সী কারমেল এর আগে টেলিভিশনে প্রচারিত বিভিন্ন সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে পরিচিতি পান। ‘দ্য ভয়েস কিডস’-এ প্রথম রানারআপ হওয়ার পর ‘তাওয়াগ এনজি তাঙ্গালান’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন তিনি। এ ছাড়া ‘পিনয় বিগ ব্রাদার’ রিয়েলিটি শোতেও অংশ নিয়েছেন এই শিল্পী।

ইউরোভিশনের ৭০ বছরের ইতিহাসে এশীয় সংস্করণের আয়োজন নতুন অধ্যায় যুক্ত করেছে। প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে ব্যান্ড ব্যাটমোসফিয়ার। তাদের পরিবেশিত গানের নাম ছিল ‘তুমি এলে’।


















