ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১:২১ অপরাহ্ন

চার মাসে রেমিট্যান্স ১,১৪৬ কোটি ডলার

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে মোট ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। দেশটিতে বসবাসরত প্রবাসীরা পাঠিয়েছেন ২১৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। দ্বিতীয় সর্বোচ্চ ১৬১ কোটি ৬৬ লাখ ডলার এসেছে যুক্তরাজ্য থেকে।

শীর্ষ ১০ দেশের তালিকায় থাকা অন্য দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে এসেছে ১০৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে ১০২ কোটি ৬৫ লাখ ৭০ হাজার, মালয়েশিয়া থেকে ৯০ কোটি ১৯ লাখ ৫০ হাজার, ইতালি থেকে ৭৬ কোটি ৯৫ লাখ ৪০ হাজার, কুয়েত থেকে ৬১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার, ওমান থেকে ৫৫ কোটি ২০ লাখ, সিঙ্গাপুর থেকে ৫৫ কোটি ৪ লাখ ৯০ হাজার এবং কাতার থেকে ৪৯ কোটি ৪৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে।

মাসভিত্তিক হিসাবে দেখা যায়, সর্বশেষ গত অক্টোবর মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। এর আগে সেপ্টেম্বর মাসে এসেছিল ২৭৬ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার। আর অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে যথাক্রমে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার এবং ২৯৬ কোটি ৭৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছিল।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন