বাহরাইনের রিফা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি আকাশ প্রতিরক্ষা রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার ভোরে তাদের বিমানবাহিনী ছয়টি ড্রোন ব্যবহার করে ঘাঁটিতে থাকা মার্কিন রাডার লক্ষ্য করে হামলা চালায়। হামলায় রাডারটি ধ্বংস হয়েছে বলেও দাবি করা হয়েছে। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা বিবৃতিতে জানানো হয়নি।
হামলার দাবির আগেই বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কয়েক ঘণ্টার মধ্যে দ্বিতীয়বারের মতো সম্ভাব্য নিরাপত্তা হুমকি নিয়ে সতর্কবার্তা জারি করে। নাগরিকদের আতঙ্কিত না হয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার এবং পরিস্থিতি সম্পর্কে জানতে সরকারি সূত্র অনুসরণের আহ্বান জানানো হয়।
বিবৃতিতে আইআরজিসি আরও দাবি করেছে, হরমুজ প্রণালি এখনো জাহাজ চলাচলের জন্য বন্ধ রয়েছে। যুক্তরাষ্ট্র নতুন করে কোনো হামলা চালালে তার আরও কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে আজকের এই হামলার দাবি নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
এর আগে গত বৃহস্পতিবার দক্ষিণ ইরানের সিরিকে একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডার স্থাপনা ধ্বংসের দাবি করেছিল আইআরজিসি। তবে ওই দাবি নাকচ করে সেন্টকম জানিয়েছিল, বাহরাইনকে লক্ষ্য করে ছোড়া দুটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে মার্কিন বাহিনী। এতে কেউ হতাহত হয়নি, কোনো স্থাপনারও ক্ষতি হয়নি বলে জানিয়েছিল তারা।

উল্লেখ্য, ইরানের এসব হামলার দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি।


















