পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তের টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সোমবার দিবাগত রাত দেড়টার দিকে জাজিরার নাওডোবা এলাকায় কয়েকশ নেতাকর্মী লগি-বৈঠা হাতে জড়ো হন। তাঁরা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে টোলপ্লাজার কার্যক্রম প্রায় এক ঘণ্টা বন্ধ রাখেন। এতে সেতুর দুই প্রান্তে শত শত যানবাহন আটকা পড়ে।
অবরোধ চলাকালে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সড়কে দাঁড়িয়ে থাকা কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, ঘটনাস্থল থেকে ককটেলের ধ্বংসাবশেষ জব্দ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। বর্তমানে পদ্মা সেতু এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।



















