ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ৯:৩৯ অপরাহ্ন

সাত শর্ত মেনে আত্মসমর্পণের আহ্বান ইরানের

যুক্তরাষ্ট্রকে ইরানের সাতটি শর্ত মেনে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে রেজাই বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ইতোমধ্যে মার্কিন সরকারকে বিপর্যস্ত করে দিয়েছে। তবে ওয়াশিংটন মরিয়া জুয়াড়ির মতো আচরণ করছে। তিনি বলেন, ‘এবার হাত গুটিয়ে নেওয়ার সময়। কাল্পনিক আলোচনা নিয়ে ভুয়া খবর ছড়ানো বন্ধ করুন। পশ্চিম এশিয়ার নতুন বাস্তবতা অস্বীকার করা বন্ধ করুন। ইরান বারবার যে সাতটি শর্ত তুলে ধরেছে, এবার সেগুলোর কাছে আত্মসমর্পণের সময় এসেছে।’

শর্তগুলোর মধ্যে রয়েছে— লেবাননসহ সব রণাঙ্গনে সামরিক ও শত্রুতামূলক তৎপরতা বন্ধ করা; ইরানের জব্দ হওয়া তহবিল ছেড়ে দেওয়া; ইরানের বন্দরগুলো থেকে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া; ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের সব ধরনের হস্তক্ষেপ বন্ধ করা; বিপ্লববিরোধীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের সহযোগিতা বন্ধ করা; ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হামলা পুরোপুরি বন্ধ করা এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে যুদ্ধ কার্যত শেষ। রেজাই সেই দাবিকে কাল্পনিক আলোচনা নিয়ে ভুয়া খবর ছড়ানো বলে অভিহিত করেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন