মধ্যবর্তী নির্বাচনে নিজ দলের বড় পরাজয়ের পর নিজের অভিবাসন নীতি নিয়ে সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্বীকার করেছেন, তাঁর প্রশাসনের অভিবাসী বিতাড়নের অভিযান প্রয়োজনের চেয়ে বেশি কঠোর হয়ে গিয়েছিল।
রোববার সন্ধ্যায় মার্কিন টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, অবৈধভাবে সীমান্ত পার হওয়া নাটকীয়ভাবে বন্ধ করার জন্য তিনি নিজেকে সর্বোচ্চ নম্বর দেওয়ার যোগ্য মনে করেন। তবে গণহারে বিতাড়নের কারণে তিনি রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান।
ট্রাম্পের ভাষ্য, ভালো চাকরি করা বহু মানুষকেও ধরা হয়েছে, যাদের একমাত্র ভুল ছিল অবৈধভাবে দেশে প্রবেশ করা। তাঁর মতে, এই কঠোরতা শেষ পর্যন্ত তাঁরই ক্ষতি করেছে। নির্বাচনের দিনের জরিপে দেখা গেছে, অর্থনীতি ও গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের পর ভোটারদের কাছে তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় ছিল অভিবাসন।
সাক্ষাৎকারে তিনি কংগ্রেসে বিজয়ী ডেমোক্র্যাটদের সঙ্গে বসে অভিবাসন নিয়ে কিছু করার আগ্রহও প্রকাশ করেন। তবে এ বিষয়ে কোনো বিস্তারিত রূপরেখা দেননি তিনি।
এদিকে প্রেসিডেন্টের এই স্বীকারোক্তির বিপরীতে তাঁর স্বরাষ্ট্র দপ্তর বলছে, কঠোর অভিযান থেকে একচুলও পিছু হটবে না তারা। সম্প্রতি কর্মকর্তাদের দৈনিক প্রায় দুই হাজার ৭০০ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তারের লক্ষ্য দেওয়া হয়েছিল, যা আগের লক্ষ্যের চেয়ে বেশি।

তবে মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অভিবাসন কৌশল পর্যালোচনার পক্ষে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, অবৈধ শ্রমিক নিয়োগকারী ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর বেশি নজর দেওয়া যেতে পারে।
অন্যদিকে সাক্ষাৎকার রেকর্ডের কয়েক ঘণ্টা পরই কঠোর অভিবাসন নীতির মূল রূপকার হিসেবে পরিচিত দীর্ঘদিনের সহযোগী স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে পদোন্নতি দেন ট্রাম্প।
চলতি বছর দেশজুড়ে অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে শিকাগো, মিনিয়াপোলিস ও লস অ্যাঞ্জেলেসে ব্যাপক বিক্ষোভ হয়েছে। মিনিয়াপোলিসে অভিবাসন এজেন্টদের গুলিতে দুই বিক্ষোভকারী নিহত হয়েছিলেন।


















