আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনার বেতাগী উপজেলায় সাত শতাধিক হিন্দু ধর্মাবলম্বী বিএনপিতে যোগদান করেছেন। বেতাগী পৌরসভার জেলে পাড়ায় স্থানীয় বিএনপির আয়োজিত এক মতবিনিময় সভায় যোগদানকারীরা ফুলের তোড়া তুলে দিয়ে দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম মণিকে শুক্রবার (২৮ নভেম্বর) রাতে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নুরুল ইসলাম মণি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ধর্মীয় সংখ্যালঘুদের দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্য দূর হবে। তিনি উল্লেখ করেন, বিএনপি ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিকে সুসংহত করে সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার, নিরাপত্তা এবং উন্নয়নের নিশ্চয়তা দেবে। বরগুনা-০২ আসনে অতীতের মতো ভবিষ্যতেও ধারাবাহিক উন্নয়ন অব্যাহত থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
যোগদানকারী হিন্দু ধর্মাবলম্বীরা জানান, এলাকার শান্তি, উন্নয়ন ও নিরাপত্তার স্বার্থেই তারা ধানের শীষের পক্ষে সমর্থন জানিয়েছেন। তারা দেশের নেতৃত্বে তারেক রহমানকে দেখতে চান এবং বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে মাঠে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেতাগী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মল্লিক। এ সময় বক্তব্য দেন বেতাগী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান কবির, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সানাউল্লাহ সানি এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফয়জুল মালেক সজীবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসাহ-উদ্দীপনাপূর্ণ পরিবেশে যোগদান অনুষ্ঠানটি সম্পন্ন হয়।



















