লালমনিরহাট রেল বিভাগের পীরগাছা রেলওয়ে ষ্টেশনে‘পদ্মরাগ কমিউটার’ ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে লালমনিরহাট রেল বিভাগের তিন জেলার সাথে আন্তঃনগর, লোকাল ও মেইল ট্রেন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে পীরগাছা স্টেশনের আউট সিগনালের কাছে এ ঘটনা ঘটে বলে জানান পীরগাছা রেলওয়ে স্টেশনের মাস্টার জেনারুল ইসলাম। দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারে লালমনিরহাট থেকে একটি উদ্ধারকারী ট্রেন রওনা দেয় এবং বিকেল নাগাদ উদ্ধার কার্যক্রম চলছিল বলে জানায় লালমনিরহাট রেলওয়ে বিভাগের কর্মকর্তাগণ।
সুত্রমতে,দুপুর সাড়ে ১২টার দিকে লালমনিরহাটগামী ‘পদ্মরাগ কমিউটার’ ট্রেনটি ঢাকাগামী ‘লালমনি এক্সপ্রেসের’ সঙ্গে ক্রসিংয়ের জন্য পীরগাছা রেলস্টেশনে ২ নম্বর লাইনে দাঁড়িয়ে ছিল। ক্রসিং শেষে ট্রেনটি লালমনিরহাটের উদ্দেশে যাত্রার জন্য লাইন পরিবর্তন করার সময় একটি পয়েন্ট ভেঙে ছয়টি বগি লাইনচ্যুত হয়ে যায়। তবে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, লাইন পরিবর্তন করার সময় ট্রেনটি ছাড়ার ৩ থেকে সাড়ে ৩‘শ গজের মধ্যে ট্রেনটি লাইনচ্যুত হয়। ঘটনার পরপর সেখানে উৎসুক জনতা ভিড় করেন। এতে অনেক যাত্রীর মালামাল খোয়া যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ট্রেনটিতে অন্তত দুই হাজার যাত্রী ছিলেন।
কামাল নামের পদ্মরাগ ট্রেনের এক যাত্রী বলেন, পাশের সিটে ব্যাগ রেখে বাথরুমে গিয়েছিলাম। তখনই দুর্ঘটনা ঘটে। ফিরে এসে দেখি আমার ব্যাগ ও পাশের যাত্রী নেই।
ট্রেন লাইনচ্যুত হওয়ায় সারা দেশের সঙ্গে আন্তঃনগর রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, মেইল ট্রেন দোলনচাঁপা, করতোয়া, পদ্মরাগ, রামসাগর, কমিউটার ও নাইনটিন আপ-ডাউনের যোগাযোগ বন্ধ হয়ে যায় বলে জানায় লালমনিরহাট রেলওয়ের কন্ট্রোল অফিস। তবে রাতের মধ্যে উদ্ধার কাজ সম্পুর্ণ সহ যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হবে বলে জানায় লালমনিরহাট রেলওয়ে স্ঠেশন মাষ্টার নুরুননবী সরকার।



















