ভারতের পরিচালক ও জনপ্রিয় কোরিওগ্রাফার রেমো ডি’সুজা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতালে রেমোর পাশে আছেন তাঁর স্ত্রী লিজেল।
রেমোর সর্বশেষ শারীরিক অবস্থা জানিয়ে তাঁর স্ত্রী সংবাদমাধ্যমকে বলেন, ‘রেমোর হৃদ্যন্ত্রে একটা ব্লকেজ রয়েছে। এনজিওগ্রাফি করা হয়েছে। এ মুহূর্তে তিনি আইসিইউতে রয়েছেন। আগামী ২৪ ঘণ্টা চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণ করবেন।’
বলিউডের প্রথম সারির কোরিওগ্রাফার রেমো। ‘কিক’, ‘জিরো’, ‘বজরঙ্গী ভাইজান’, ‘বাজিরাও মস্তানি’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-র মতো সফল ছবিতে কোরিওগ্রাফি করেছেন তিনি।
পাশাপাশি ‘স্ট্রিট ডান্সার থ্রিডি’, ‘এবিসিডি’, ‘এবিসিডি ২’ এবং ‘অ্য়া ফ্লাইং জট’ এর মতো সিনেমার পরিচালনাও করেছেন তিনি।
পরিচালনা এবং কোরিওগ্রাফির সঙ্গেই ‘ডান্স ইন্ডিয়া ডান্স’, ‘ঝলক দিখলা যা’, ‘ডান্স প্লাস’-এর মতো বিভিন্ন রিয়্যালিটি শো-তেও বিচারকের আসনে দেখা যায় তাঁকে।



















