ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ২:০৭ অপরাহ্ন

নির্দিষ্ট ফল আমদানিতে বড় শুল্কছাড় দিল এনবিআর

রমজান সামনে রেখে নির্দিষ্ট ফল আমদানিতে বড় শুল্কছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে খেজুর, আপেল ও কমলার আমদানি ব্যয় কমবে এবং বাজারে সরবরাহ বাড়বে বলে আশা করছে এনবিআর।

খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এতে খেজুর আমদানিতে মোট করের বোঝা ৪৮ শতাংশ থেকে কমে দাঁড়াবে ২৫ শতাংশে। মঙ্গলবার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী এ সুবিধা আগামী বছরের ১০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

আপেল ও কমলার ক্ষেত্রেও শুল্ক কমানো হয়েছে। এসব ফলের নিয়ন্ত্রণমূলক শুল্ক ৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি সম্পূরক শুল্ক ও মূল্য সংযোজন কর (ভ্যাট) ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এর ফলে আপেল ও কমলার আমদানিতে মোট শুল্ক-কর ১২১ শতাংশ থেকে কমে ৪৮ শতাংশে নেমে আসবে। এ সুবিধা ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

এনবিআর আশা করছে, শুল্কছাড়ের কারণে এসব ফলের আমদানি বাড়বে এবং রমজানে বাজারে সরবরাহ স্বাভাবিক থাকবে। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্তমানে রাজধানীর বাজারে মানভেদে খেজুর প্রতি কেজি ২০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। আপেল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩০০ থেকে ৫০০ টাকায় এবং কমলা ৪০০ থেকে ৬০০ টাকায়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন