ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ৬:১১ অপরাহ্ন

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৮৩ জন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য এতে তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৯ জনের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে ৩ জন করে এবং চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে রয়েছেন। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য জানানো হয়নি।

নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্তের দিক থেকে শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। এ বিভাগে শনাক্ত হয়েছে ৫২৬ জন। এ ছাড়া চট্টগ্রামে ১৮৩ জন, সিলেটে ১৬৭ জন, বরিশালে ১৩৮ জন, খুলনায় ১০৭ জন, ময়মনসিংহে ৯০ জন, রাজশাহীতে ৩৯ জন এবং রংপুর বিভাগে ৩৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ২ লাখ ৫৯ হাজার ১৯০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৬ হাজার ৩০০ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামে ১ হাজার ২৫৬ জন এবং নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৬১ জনে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন