ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ৬:০৯ অপরাহ্ন

রহিম এনার্জিকে ৭০ কোটি টাকা পরিশোধের আদেশ

বিদ্যুৎ সরবরাহের বিপরীতে মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধ না করায় রহিম এনার্জি লিমিটেডের বিরুদ্ধে জরিমানাসহ ৭০ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৪৩৩ টাকা রাজস্ব দাবি করে চূড়ান্ত আদেশ জারি করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, নারায়ণগঞ্জ। বুধবার (২৫ নভেম্বর) এ আদেশ জারি করা হয়।

আদেশে অপরিশোধিত ভ্যাট হিসেবে ৪৬ কোটি ৮০ লাখ ৯৭ হাজার ৪৩৩ টাকা এবং জরিমানা হিসেবে ২৩ কোটি ৫০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

কমিশনারেট জানিয়েছে, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে অবস্থিত প্রতিষ্ঠানটি বিদ্যুৎ উৎপাদন করে রহিম গ্রুপের ছয়টি সহযোগী প্রতিষ্ঠানে সরাসরি সরবরাহ করে। ২০২১ সালের মে থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত পাঁচ বছরে প্রতিষ্ঠানটি ৯৪০ কোটি ৭০ লাখ ৭৩ হাজার ৫১৩ টাকার বিদ্যুৎ সেবা সরবরাহ করেছে।

এ সেবামূল্যের ওপর ৫ শতাংশ হারে প্রযোজ্য ভ্যাটের পরিমাণ দাঁড়ায় ৪৭ কোটি ৩ লাখ ৫৩ হাজার ৬৭৫ টাকা ৬৪ পয়সা। অথচ আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটি সরকারি কোষাগারে জমা দিয়েছে মাত্র ২২ লাখ ৫৬ হাজার ২৪৩ টাকা। ফলে অপরিশোধিত ভ্যাটের পরিমাণ দাঁড়ায় ৪৬ কোটি ৮০ লাখ ৯৭ হাজার ৪৩৩ টাকা।

অর্থ পরিশোধ না করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট ফাঁকির মামলা করে কমিশনারেট। কারণ দর্শানোর নোটিশ জারি করে শুনানিতে ডাকা হলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সন্তোষজনক জবাব বা দালিলিক প্রমাণ দেওয়া যায়নি। পরে উভয় পক্ষের শুনানি শেষে চূড়ান্ত কর নির্ধারণী আদেশ জারি করা হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন