ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ৯:২৩ পূর্বাহ্ন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর ফাঁকে রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে তিনি এ সহযোগিতা চান।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় আনতালিয়ায় বাংলাদেশ প্যাভিলিয়নে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ কথা জানান। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উদ্যোগের পাশাপাশি একটি সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টা প্রয়োজন। এ সংকট সমাধানে বাংলাদেশ চীনের সহযোগিতা প্রত্যাশা করেছে।

চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার চীনের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে জ্বালানি, ভারী শিল্প, কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামো খাতে চীনা বিনিয়োগ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশের জ্বালানি খাতে ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনসহ বিভিন্ন সম্ভাবনাময় প্রকল্পে চীনের বিনিয়োগের বিষয়টিও আলোচনায় এসেছে। এছাড়া বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে যুক্ত করে আঞ্চলিক অর্থনৈতিক করিডর গড়ে তোলার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।

বুধবার দিনব্যাপী কপ৩১-এর বিশ্বনেতা সম্মেলনের উদ্বোধনী অধিবেশন ও প্লেনারি সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গেও তাঁর দ্বিপক্ষীয় বৈঠক হয়। দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু, ভিসা প্রক্রিয়া সহজ করা এবং পারস্পরিক সম্পর্ক বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রীকে একজন ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে অভিহিত করা হচ্ছে। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং প্রধানমন্ত্রীর নির্বাচনী ম্যান্ডেটের জন্য বিশ্বনেতারা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট, মলদোভার প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, কুয়েতের প্রধানমন্ত্রী, ইসলামি সহযোগিতা সংস্থার মহাসচিব, লন্ডনের মেয়র এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হয়েছে।

প্রধানমন্ত্রী ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। মালদ্বীপের প্রেসিডেন্টও শিগগির বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার কপ৩১-এর সম্মেলনে বাংলাদেশের অবস্থান ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশের অগ্রাধিকারগুলো তুলে ধরবেন। এছাড়া তাঁর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি ও বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান কপ৩১-এর সাইড ইভেন্টে জিরো ওয়েস্ট ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন। সেখানে তিনি বর্জ্যকে সম্পদ ও জ্বালানিতে রূপান্তরের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের নীতিগত উদ্যোগ এবং এ বিষয়ে প্রযুক্তিগত সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন