আমন ধান কাটা-মাড়াইয়ের ভরা মৌসুমেও দেশের বাজারে বাড়ছে চালের দাম। রংপুর ও কুষ্টিয়ায় গত দুই সপ্তাহে সব ধরনের চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে।
কুষ্টিয়ার বাজারে মোটা আটাশ চাল ৪৬-৪৮ টাকা থেকে বেড়ে এখন বিক্রি হচ্ছে ৪৮-৫২ টাকা কেজি। কাজললতা চাল ৬৪ থেকে ৬৬, কাজললতা সুপার ৬৬ থেকে ৬৮ এবং পাইজাম ৪৮ থেকে ৫০ টাকায় উঠেছে। নাজিরশাইল ৯৪, সুপার মিনিকেট ৭২, সাধারণ মিনিকেট ৬৬ এবং পোলাও চাল ১৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ব্যবসায়ী ও মিলমালিকরা বলছেন, চাল আমদানি বন্ধ রয়েছে। আবার বোরো ধানের মৌসুমও প্রায় শেষ। অন্যদিকে বাজারে ধানের দামও বেশি। তা ছাড়া জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে। এর সঙ্গে পরিবহন খরচও বেড়েছে, যে কারণে বাড়ছে চালের দাম।
এ অবস্থায় সরকার আগামী ১৪ নভেম্বর থেকে সারাদেশে আমন ধান সংগ্রহ এবং ১ ডিসেম্বর থেকে আমন চাল সংগ্রহ শুরু করার ঘোষণা দিয়েছে। চলতি আমন মৌসুমে সরকার মোট সাড়ে আট লাখ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহ করবে। এর মধ্যে কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে তিন লাখ মেট্রিক টন ধান কেনা হবে। পাশাপাশি ৪৯ টাকা কেজি দরে পাঁচ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা কেজি দরে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে।
গত বছর আমন মৌসুমে সরকার প্রতি কেজি ধান ৩৪ টাকা, সিদ্ধ চাল ৫০ টাকা এবং আতপ চাল ৪৯ টাকা দরে সংগ্রহ করেছিল। এবার ধানের দাম এক টাকা বাড়ানো হলেও সিদ্ধ ও আতপ চালের দাম এক টাকা করে কমানো হয়েছে।

ক্রেতাদের আশা, দুই সপ্তাহের মধ্যে বাজারে আমন ধান ওঠা শুরু হলে হয়তো চালের দাম কমতে পারে। তবে মিলমালিকরা বলছেন, বাজারে আমন ধান উঠলেও চালের দামে তার কোনো প্রভাব পড়বে না। তাঁদের মতে, দাম কমা বা বাড়ার সম্ভাবনা নেই, বাজার স্থিতিশীল থাকবে।
কুষ্টিয়া জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রধান জানান, এ বছর কুষ্টিয়াসহ সারা দেশেই আমনের ফলন ভালো হয়েছে। সরকার কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহ করলে একজন কৃষক বাজারের চেয়ে কেজিতে চার টাকা বেশি পাবেন।


















