ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ৯:২৮ পূর্বাহ্ন

ইউক্রেনের পাশে থাকার অঙ্গীকার জি৭-এর

ইউক্রেনের প্রতি অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছে শিল্পোন্নত সাত দেশের জোট জি৭। প্যারিসে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর বুধবার প্রকাশিত যৌথ ঘোষণায় রাশিয়াকে সামরিক সহায়তা দেওয়ার জন্য চীন, উত্তর কোরিয়া ও ইরানের নিন্দা জানানো হয়েছে।

কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা গত ৯ ও ১০ নভেম্বর প্যারিসে বৈঠক করেন। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিও বৈঠকে অংশ নেন।

যৌথ ঘোষণায় মন্ত্রীরা বলেন, ইউক্রেন ও তার সাহসী জনগণের প্রতি তাঁদের অটল সমর্থন পুনর্ব্যক্ত করা হচ্ছে, যারা নিজেদের ভূখণ্ডের অখণ্ডতা, সার্বভৌমত্ব, স্বাধীনতা রক্ষায় লড়াই করছে। আবাসিক ভবন, বেসামরিক অবকাঠামো ও সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর রাশিয়ার প্রতিদিনের হামলায় ভুক্তভোগী ইউক্রেনের জনগণের প্রতি পূর্ণ সংহতি জানানো হয়েছে।

ঘোষণায় উত্তর কোরিয়া ও ইরানের রাশিয়াকে সামরিক সহায়তা এবং চীনের অস্ত্র, সামরিক প্রশিক্ষণ ও দ্বৈত ব্যবহারের উপাদান দেওয়ার নিন্দা জানানো হয়েছে, যা যুদ্ধ চালিয়ে যেতে সহায়তা করছে। এসব দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অব্যাহত রাখার কথাও বলা হয়েছে।

মন্ত্রীরা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে প্রত্যক্ষ ও গুরুতর আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার চলমান প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছেন। কৃষ্ণসাগর এলাকায় বেসামরিক জাহাজ চলাচলের ওপর হামলার নিন্দা জানিয়ে খাদ্য সরবরাহ শৃঙ্খল রক্ষার অঙ্গীকার করা হয়েছে।

শীত মোকাবিলায় ইউক্রেনকে সাহায্য করতে আর্থিক ও বস্তুগত সহায়তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মন্ত্রীরা। ইউক্রেনের জ্বালানি নিরাপত্তা ও সহনশীলতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে। ২০২৭ সাল ও তার পরের জন্য ইউক্রেনের অর্থায়নের প্রয়োজন মেটাতে সমন্বিতভাবে কাজ করার কথাও ঘোষণায় বলা হয়েছে।

ঘোষণায় তাইওয়ানের পূর্ব উপকূলে চীনের ক্রমবর্ধমান তৎপরতা আঞ্চলিক স্থিতিশীলতা ও নৌ চলাচলের স্বাধীনতার জন্য হুমকি বলে উল্লেখ করা হয়েছে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের বিঘ্ন সৃষ্টিরও নিন্দা জানানো হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন