চলতি ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে কৃষকদের কাছ থেকে বিপুল পরিমাণ ধান ও চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি কেজি ধানের দাম ধরা হয়েছে ৩৫ টাকা। একই সঙ্গে সিদ্ধ চালের কেজি ৪৯ টাকা এবং আতপ চালের কেজি ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি জানান, এবার আমন ধান সংগ্রহের লক্ষ্য তিন লাখ মেট্রিক টন। আর চাল কেনা হবে সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন। এর মধ্যে সিদ্ধ চাল পাঁচ লাখ মেট্রিক টন এবং আতপ চাল ৫০ হাজার মেট্রিক টন।
মন্ত্রী বলেন, নির্ধারিত লক্ষ্যের চেয়ে বেশি ধান বিক্রি করতে চাইলেও কৃষকদের কাছ থেকে তা কেনা হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে বলে তিনি জানান।
সংগ্রহের সময়সূচি অনুযায়ী, আমন ধান কেনা শুরু হবে ১৪ নভেম্বর থেকে, চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। চাল সংগ্রহ শুরু হবে ১ ডিসেম্বর থেকে, শেষ হবে ২৮ ফেব্রুয়ারি।
সংবাদ সম্মেলনে সুগন্ধি চালের দাম বাড়ার বিষয়টিও ওঠে। মন্ত্রী বলেন, উৎপাদন কমে যাওয়ায় সুগন্ধি চালের দাম বেড়েছে, রপ্তানির কারণে নয়। সরকার বড় পরিমাণে সুগন্ধি চাল রপ্তানি করেনি; অল্প কিছু রপ্তানি হলেও তা এখন বন্ধ রয়েছে।

কোন এলাকায় কোন ফসল ভালো হয়, তা জানতে ভূমি মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয় যৌথভাবে জরিপ করছে। সুগন্ধি চালের উৎপাদন বাড়ানোর উপায় খুঁজতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা বিভিন্ন এলাকা ঘুরে দেখবেন এবং উৎপাদন বাড়াতে করণীয় সম্পর্কে সুপারিশ করবেন।


















