আসন্ন রমজান সামনে রেখে নিত্যপণ্য আমদানির এলসি (ঋণপত্র) খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে রোববার একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
নতুন নির্দেশনায় ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এলসি মার্জিন নির্ধারণ করা যাবে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে কোনো ন্যূনতম মার্জিন বেঁধে দেওয়া হয়নি। আগে কিছু পণ্যের এলসি খুলতে ১০০ শতাংশ নগদ মার্জিন দিতে হতো। এখন ব্যাংকগুলো নিজেরাই গ্রাহকের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে মার্জিন ঠিক করতে পারবে।
এ সুবিধা পাবে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল, পেঁয়াজ, মসলা, খেজুর, ফলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য। আমদানিকারকরা সর্বোচ্চ ৯০ দিনের বিলম্বে পরিশোধের সুবিধায় (ইউজ্যান্স) এলসি খুলতে পারবেন। শিশুখাদ্য, তাজা ফলসহ অন্যান্য নিত্যপণ্যও একই সুবিধায় আমদানি করা যাবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও দাম স্থিতিশীল রাখাই এ উদ্যোগের লক্ষ্য। কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, এতে আমদানি ব্যয় কমবে এবং বাজারের ওপর চাপ কমবে।



















