ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

২৯ ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

এডিস মশার বিস্তার রোধ ও ডেঙ্গু প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) রোববার দুপুরে একযোগে বিশেষ চিরুনি অভিযান শুরু করেছে। নিজেদের জরিপে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ২৯টি ওয়ার্ডে একসঙ্গে চলবে এই অভিযান।

আজিমপুর সরকারি কোয়ার্টারের (বি-টাইপ) প্রাঙ্গণে অভিযানের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম। এ সময় তিনি বলেন, ডেঙ্গু ঠেকাতে শুধু সিটি করপোরেশনের ওপর ভরসা করলে চলবে না; প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ও সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে। বাড়ি, ছাদ, বারান্দা, আঙিনা ও কর্মস্থল পরিষ্কার রাখতে হবে, কোথাও পানি জমতে দেওয়া যাবে না। সপ্তাহে অন্তত একবার জমে থাকা পানি ফেলে সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করার আহ্বান জানান তিনি।

জরিপের তথ্য তুলে ধরে আবদুস সালাম বলেন, প্লাস্টিকের বালতিতে ১৪ দশমিক ২১ শতাংশ, প্লাস্টিকের ড্রামে ১১ দশমিক ২২ শতাংশ, বেজমেন্টের জমা পানিতে ৯ দশমিক ৯৮ শতাংশ, প্লাস্টিকের মগে ৯ দশমিক ২৩ শতাংশ ও ফুলের টবে ৫ দশমিক ৯৯ শতাংশ লার্ভা পাওয়া গেছে। নাগরিকরা নিজেদের আঙিনা ও পাত্রের বিষয়ে সচেতন হলে প্রাথমিক পর্যায়েই এডিসের বিস্তার ও ডেঙ্গুর ৫০ দশমিক ৯ শতাংশ প্রতিরোধ করা সম্ভব বলে জানান তিনি।

ডিএসসিসির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, অভিযানে নিবিড় লার্ভিসাইডিং ও অ্যাডাল্টিসাইডিং করা হবে, মশার প্রজননস্থল ধ্বংস, নর্দমা, খাল ও নালা পরিষ্কার এবং বর্জ্য অপসারণ করা হবে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান ও উপাসনালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চলবে, আর মাইকিং, লিফলেট বিতরণ ও মসজিদের মাধ্যমে জনসচেতনতামূলক কাজ করা হবে। যৌথ এই অভিযানে স্থানীয় প্রতিনিধি, প্রতিষ্ঠান ও অংশীজনরা যুক্ত রয়েছেন। কোথাও এডিসের লার্ভা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত আইনানুগ ব্যবস্থা নেবে।

ডেঙ্গুর ঝুঁকি নিরূপণ ও এডিসের প্রজননস্থল শনাক্ত করতে ডিএসসিসি ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত নিজের ৭৫টি ওয়ার্ডের ২ হাজার ২৫০টি বাড়িতে ‘বর্ষা মৌসুমের এডিস লার্ভা জরিপ’ চালায়। বহুতল, আধা পাকা, স্বতন্ত্র, নির্মাণাধীন ভবন ও খালি প্লটসহ ৩২২টি বাড়িতে লার্ভা পাওয়া যায়। জরিপের ফলাফলে ২৯টি ওয়ার্ড ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’, ২৮টি ‘মাঝারি ঝুঁকিপূর্ণ’ ও ১৮টি ‘সাধারণ ঝুঁকিপূর্ণ’ বলে চিহ্নিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মাহবুবুর রহমান তালুকদার ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহানে ফেরদৌস বিন্তে রহমান উপস্থিত ছিলেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন