ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন ৮২-৯০ শিশুর জন্ম

রোহিঙ্গা সংকট মিয়ানমার থেকে সৃষ্টি হয়েছে, এর সমাধানও মিয়ানমারকেই করতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। রোববার (৮ নভেম্বর) ঢাকার তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে নীতি গবেষণা কেন্দ্র আয়োজিত ‘রোহিঙ্গা সংকট নীতি সংলাপে’ বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান বলেন, রোহিঙ্গা সংকট কোনো দ্বিপক্ষীয় সমস্যা নয়, বাংলাদেশ-মিয়ানমারের মধ্যকার বিষয়ও নয়। এর উৎপত্তি মিয়ানমারে, মিয়ানমারকেই এর সমাধান করতে হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে যুক্ত হতে হবে — এটাই বাংলাদেশের স্পষ্ট অবস্থান।

রোহিঙ্গাদের মানবাধিকার সরকারের ভাবনায় রয়েছে জানিয়ে তিনি বলেন, প্রত্যাবাসনে তাদের নাগরিক অধিকার, শিক্ষা, নিরাপত্তা, মর্যাদা, নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তন এবং নাগরিকত্ব — সবকিছুই অন্তর্ভুক্ত থাকতে হবে। জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার পর ইউএনএইচসিআরের সঙ্গে বৈঠকে তারা জানিয়েছে, বিষয়টি শুধু জোর করে ফেরত পাঠানো কিংবা কোনো আন্তর্জাতিক কমিটির চাপিয়ে দেওয়ার নয়।

বিশ্বে এখন প্রায় ৪ কোটি ১৬ লাখ শরণার্থী রয়েছে এবং ইউএনএইচসিআর ১৩৬টি দেশে কাজ করছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশই শরণার্থীদের সবচেয়ে বড় আশ্রয়দাতা দেশ। দরিদ্র দেশ হিসেবে বাংলাদেশ ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী নিয়ে টিকে আছে। ক্যাম্পে প্রতিদিন ৮২ থেকে ৯০ শিশুর জন্ম হচ্ছে জানিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেন, এ ধারা চলতে থাকলে এখানে জনসংখ্যার বিস্ফোরণ ঘটবে। নতুন রোহিঙ্গা আগমন পরের বিষয় বলে মন্তব্য করেন তিনি।

মানবিক দিক যেমন বাংলাদেশের বিবেচনায় রয়েছে, তেমনি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ও নিরাপত্তার প্রশ্নও এর সঙ্গে জড়িত বলে জানান আসাদুজ্জামান। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে রোহিঙ্গা বিষয়ে একটি জাতীয় নীতি কমিটি গঠন করা হয়েছে, যা আন্তর্জাতিক পর্যায়ে এই সংকট মোকাবিলার উপায় দেখবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন