ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ৯:৪৯ অপরাহ্ন

সংসদের চতুর্থ অধিবেশন বসছে সোমবার

সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণের জন্যই মূলত এই অধিবেশন ডাকা হয়েছে।

সংবিধানে বলা আছে, এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরের অধিবেশন বসাতে হবে। সেই বাধ্যবাধকতা রক্ষার জন্যই এবারের অধিবেশন আয়োজন করা হচ্ছে। গত ১৪ অক্টোবর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অধিবেশন আহ্বান করেন।

সংসদ সচিবালয় জানিয়েছে, অধিবেশনের সব প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। ধারণা করা হচ্ছে, অধিবেশনটি আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে এবং মোট ১০ কার্যদিবস বসবে।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, এবারের অধিবেশন হবে সংক্ষিপ্ত। তাঁর ভাষ্য, অধিবেশনে পাঁচ থেকে ছয়টি বিল আসতে পারে এবং সেগুলো নিয়ে আলোচনা হবে।

জানুয়ারিতে নতুন অধিবেশন ডাকার বাধ্যবাধকতা থাকায় এবারের অধিবেশন সংক্ষিপ্ত রাখা হচ্ছে। স্বাভাবিক নিয়মে প্রতি বছর জানুয়ারিতে বছরের প্রথম অধিবেশন বসে। সেই ধারাবাহিকতায় আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ে সংসদের পরবর্তী অধিবেশন, অর্থাৎ ২০২৭ সালের প্রথম অধিবেশন বসতে পারে।

অধিবেশন শুরুর দিনই বসবে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক। সেখানে অধিবেশনের কার্যদিবসের মেয়াদ ও কর্মসূচি চূড়ান্ত করা হবে।

সংশ্লিষ্টরা জানান, অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব, জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ এবং সাধারণ আলোচনা থাকবে। নির্ধারিত কর্মসূচির বাইরেও চলমান ও জনগুরুত্বসম্পন্ন কোনো বিষয়ে বিরোধী দলের পক্ষ থেকে সাধারণ আলোচনার প্রস্তাব এলে নির্দিষ্ট সময় নির্ধারণ করে তা নিয়েও আলোচনা হতে পারে।

তবে বহুল আলোচিত সংবিধান সংশোধনের প্রস্তাব এই অধিবেশনে উঠছে না। সংবিধান সংশোধন বিষয়ক বিশেষ কমিটি প্রস্তাব তৈরির কাজ করছে। জানা গেছে, জানুয়ারিতে সংসদের পঞ্চম অধিবেশনে সেটি উপস্থাপনের পরিকল্পনা রয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন