ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ৯:৪৯ অপরাহ্ন

বিএফআইইউর পাঁচ কর্মকর্তার বদলি

রোববার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পাঁচ কর্মকর্তাকে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে তিনজন অতিরিক্ত পরিচালক ও দুজন যুগ্ম পরিচালক রয়েছেন।

অতিরিক্ত পরিচালকদের মধ্যে মো. রোকন-উজ-জামান কৃষিঋণ বিভাগ-২-এ গেছেন। আর মোহাম্মদ সানাউল আলম সমুকে ডিপোজিট ইনস্যুরেন্স ডিপার্টমেন্টের ডিভিশন-২-এ এবং কামরুল হাসান আজাদকে আইন বিভাগে দেওয়া হয়েছে।

যুগ্ম পরিচালক মো. জয়নুল আবেদীনকে ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টে এবং মোহাম্মদ সাইফুল ইসলামকে ফিন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টে বদলি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, বদলি কার্যকর হওয়ার পর ৮ নভেম্বর কর্মদিবসের শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের বর্তমান দায়িত্ব থেকে অবমুক্ত বলে গণ্য হবেন। নতুন কর্মস্থলে যোগ দিতে প্রয়োজনীয় কার্যভার প্রতিবেদন যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দিতে তাঁদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিএফআইইউ দেশের আর্থিক খাতে অর্থপাচার, সন্ত্রাসে অর্থায়ন ও সন্দেহজনক আর্থিক লেনদেন শনাক্ত এবং প্রতিরোধে কাজ করে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে সন্দেহজনক লেনদেনের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা এবং প্রয়োজন হলে তা সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী ও তদন্তকারী সংস্থার কাছে পাঠানো এ প্রতিষ্ঠানের অন্যতম দায়িত্ব।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন