ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

এনবিআরকে আইএমএফের চার শর্ত

নতুন ঋণের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চারটি কঠিন শর্ত দিয়েছে।

শর্তগুলো হলো—২০৩১ সালের মধ্যে সব ধরনের কর ছাড় প্রত্যাহার করা, সারা দেশে ভ্যাটের একটি অভিন্ন হার চালু করা, রাজস্ব বাড়ানোর পরিকল্পনা প্রণয়ন করা এবং এনবিআরের নীতিনির্ধারণ ও বাস্তবায়ন কার্যক্রম আলাদা করে দেওয়া।

আগের ঋণের ক্ষেত্রেও আইএমএফ শর্ত দিয়েছিল, তবে এনবিআর অনেক শর্ত ঢিলেঢালাভাবে বাস্তবায়ন করেছিল। এবার সংস্থাটি কঠোর অবস্থানে রয়েছে।

এনবিআরের হিসাবে, ২০২৪-২৫ অর্থবছরে কর ছাড়ের পরিমাণ ছিল প্রায় দেড় লাখ কোটি টাকা। দেশীয় শিল্পের সুরক্ষা ও অর্থনৈতিক কার্যক্রম গতিশীল রাখতে সরকার এসব কর সুবিধা দিয়ে থাকে। আইএমএফের শর্ত অনুযায়ী, ২০৩১ সালের মধ্যে এসব ছাড় প্রত্যাহার করতে হবে।

ভ্যাটের ক্ষেত্রে বর্তমানে বিভিন্ন পণ্য ও সেবায় ৫ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ভিন্ন ভিন্ন হার রয়েছে। আইএমএফ চায় একটিই নির্দিষ্ট হার—সেটি ১৫, ১০ অথবা ৭.৫ শতাংশ যাই হোক না কেন, সব ক্ষেত্রে একই হার প্রযোজ্য হবে।

এনবিআরকে আলাদা করার বিষয়ে সরকার ইতিমধ্যে অধ্যাদেশ জারি করেছে এবং আগামী সংসদ অধিবেশনে এ-সংক্রান্ত বিল তোলা হবে। পরিকল্পনা অনুযায়ী, এনবিআরকে রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব বাস্তবায়ন বিভাগ—এই দুটি পৃথক বিভাগে ভাগ করা হবে। রাজস্ব নীতি বিভাগ কর ও রাজস্বসংক্রান্ত নীতি প্রণয়ন করবে।

অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত রাজস্ব নীতি বিভাগে ১৬ সদস্যের একটি পরিষদ থাকবে, যার মাধ্যমে ভবিষ্যৎ রাজস্ব নীতি নির্ধারণ করা হবে। এতে সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা থাকবেন। আইএমএফ প্রতিনিধি দল করের আওতা বাড়ানোর বিষয়েও জোর দিয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন