ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হয়েছে ওয়ালটন। ল্যাবএইডের সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টটির পৃষ্ঠপোষকতা করছে প্রতিষ্ঠানটি। আগামী সোমবার (৯ নভেম্বর) রাজধানীর পল্টন আউটার স্টেডিয়ামে শুরু হবে ‘ল্যাবএইড-ওয়ালটন মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’।
শনিবার (৭ নভেম্বর) ডিআরইউ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল। অতিথি হিসেবে ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস) রবিউল ইসলাম মিল্টন এবং ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের চিফ বিজনেস অফিসার মাসুদ আহমেদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের টুর্নামেন্টে ৪৮টি গণমাধ্যমের দল অংশ নেবে। এর মধ্যে ২৩টি দৈনিক পত্রিকা, ১৭টি টেলিভিশন ও ৮টি অনলাইন সংবাদমাধ্যমের দল রয়েছে। অংশগ্রহণকারী দলগুলোকে জার্সি, পানি ও ম্যাচ ফি দেওয়া হবে।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৩০ হাজার টাকা এবং রানার্সআপ দল ২০ হাজার টাকা। ফাইনালের সেরা খেলোয়াড়কে ক্রেস্ট ও তিন হাজার টাকা দেওয়া হবে। এ ছাড়া প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়ের জন্যও পুরস্কার থাকবে।

ওয়ালটন গ্রুপের সিনিয়র অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিল্টন বলেন, দেশের খেলাধুলার বিকাশে ওয়ালটন দীর্ঘদিন ধরে বিভিন্ন পর্যায়ে পৃষ্ঠপোষকতা করছে। আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে ঘরোয়া আয়োজন—সব ক্ষেত্রেই খেলোয়াড়দের প্রতিভা বিকাশ ও সুযোগ বাড়াতে প্রতিষ্ঠানটি পাশে থাকার চেষ্টা করছে। ডিআরইউর বিভিন্ন আয়োজনের সঙ্গেও ওয়ালটনের দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। সাংবাদিকদের ব্যস্ত পেশাজীবনে এ ধরনের আয়োজন বিনোদনের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য বাড়ায়।
ডিআরইউ নেতারা সংগঠনের পাশে থাকায় ওয়ালটন ও ল্যাবএইডের প্রতি কৃতজ্ঞতা জানান। তাঁরা বলেন, খেলার নিয়মাবলি ও সূচি অংশগ্রহণকারী দলগুলোকে জানিয়ে দেওয়া হবে।
ক্রিকেট, ফুটবলসহ দেশের বিভিন্ন খেলায় নিয়মিত পৃষ্ঠপোষকতা করে আসছে ওয়ালটন। ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটে এবারের সহযোগিতা সেই ধারাবাহিকতারই অংশ।


















