ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৫:৩৭ পূর্বাহ্ন

একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ অক্টোবর

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ও সর্বশেষ ধাপের আবেদন শুরু হচ্ছে আগামী ২৬ অক্টোবর। এ ধাপে আবেদন করা যাবে ২৭ অক্টোবর রাত ৮টা পর্যন্ত। আবেদনকারীদের ফল প্রকাশ করা হবে ৩০ অক্টোবর রাত ৮টায়।

শনিবার (১৭ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে ভর্তির এ সময়সূচি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য এটিই শেষ আবেদন ধাপ। আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইট [xiclassadmission.gov.bd](https://xiclassadmission.gov.bd)–এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনে সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দ দিতে পারবেন তারা।

তৃতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ৩০ অক্টোবর ফল প্রকাশের পর থেকে ৩১ অক্টোবর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

এ ধাপের মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১ নভেম্বর রাত ৮টায়। এরপর ২ ও ৩ নভেম্বর চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, যেসব শিক্ষার্থী আগে আবেদন করেনি, আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হয়নি কিংবা চূড়ান্ত মনোনয়ন পেয়েও নিশ্চায়ন বা কোটা-সংক্রান্ত ভুলের কারণে ভর্তি হতে পারেনি, তারা শেষ ধাপে আবেদন করতে পারবে।

দ্বিতীয় ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। তবে আগে ভর্তি নিশ্চায়ন করা শিক্ষার্থীরা তৃতীয় ধাপে আবেদন করতে চাইলে ২৭ অক্টোবর বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে উপস্থিত হয়ে আগের নিশ্চায়ন বাতিল করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। অন্যথায় এ-সংক্রান্ত পরবর্তী পরিস্থিতির দায় বোর্ড কর্তৃপক্ষ নেবে না।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ