ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন

এনআরবিসি ব্যাংকের এমটিও ফাউন্ডেশন কোর্সের সমাপনী

এনআরবিসি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের (এমটিও) জন্য আয়োজিত ৪০ দিনের ফাউন্ডেশন কোর্স শেষ হয়েছে। ৯ নভেম্বর ২০২৬, সোমবার ব্যাংকটির মানবসম্পদ প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্রে (এইচআরটিডিসি) আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

কোর্সটি ১৩ সেপ্টেম্বর শুরু হয়ে ৯ নভেম্বর শেষ হয়। এতে ব্যাংকের ৩৭ জন ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী কর্মকর্তা অংশ নেন। দীর্ঘ প্রশিক্ষণে তাঁরা ব্যাংকিংয়ের মৌলিক বিষয়, নিয়মকানুন ও পেশাগত দক্ষতা সম্পর্কে ধারণা পান।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আলী হোসাইন প্রধানিয়া। তিনি প্রশিক্ষণার্থীদের আইন ও বিধিবিধান ভালোভাবে বুঝে ব্যাংকিং সেবা দিতে বলেন। আমানতকারীদের স্বার্থ রক্ষাকে সবচেয়ে বড় অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে তিনি স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসনের ওপর জোর দেন। পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান সততা ও নিষ্ঠার সঙ্গে কাজে লাগিয়ে মানসম্মত গ্রাহকসেবা দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ বলেন, প্রযুক্তির যুগে ব্যাংকিং কার্যক্রমে দ্রুত পরিবর্তন আসছে। তাই ব্যাংকারদের প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আর্থিক প্রযুক্তিতে (ফিনটেক) দক্ষতা বাড়ানোর ওপরও তিনি গুরুত্ব দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসায়িক কর্মকর্তা মো. শাহীন হাওলাদার, এইচআরটিডিসির প্রধান ফাহমিদা চৌধুরী, প্রধান মানবসম্পদ কর্মকর্তা ফয়সাল আহমেদ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন