ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ৯:৫৭ অপরাহ্ন

বাংলাদেশ দলের কোচ হলেন মালিবংওয়ে মাকেতা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মালিবংওয়ে মাকেতা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক সংবাদ বিবৃতির মাধ্যমে জানায়, ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন ৪৬ বছর বয়সী এই কোচ। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দলের কোচিং সেটআপে যোগ দেবেন মাকেতা।

বাংলাদেশে নতুন দায়িত্ব নিয়ে মাকেতা বলেন, ‘বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি আনন্দিত। বিসিবি আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। দলের সাফল্যে ইতিবাচকভাবে অবদান রাখার অপেক্ষায় আছি।’ সঙ্গে যোগ করেন, ‘আমাদের দলটি তরুণ ও সম্ভাবনাময়। ফিল (সিমন্স) ও অন্য কোচিং স্টাফদের সঙ্গে কাজ করে খেলোয়াড়দের সেরাটা বের করে আনতে তাদের উন্নয়নে সহযোগিতা করতে আমি মুখিয়ে আছি।’

দুই দশকের বেশি সময়ের কোচিং অভিজ্ঞতা রয়েছে মাকেতার। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) লেভেল-৪ কোচিং যোগ্যতাসম্পন্ন এই কোচ দেশটির ঘরোয়া, আন্তর্জাতিক ও হাই-পারফরম্যান্স ক্রিকেটে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সহকারী কোচ, দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের প্রধান কোচ, অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ, জাতীয় একাডেমির প্রধান কোচ এবং ওয়ারিয়র্স ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ হিসেবে কাজ করেছেন তিনি।

২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সহকারী কোচ ছিলেন মাকেতা। ওই সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রোটিয়াদের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপেও দক্ষিণ আফ্রিকার কোচিং স্টাফের সদস্য ছিলেন তিনি।

প্রতিশোধের জয়ে লিগ শুরু মোহামেডানেরপ্রতিশোধের জয়ে লিগ শুরু মোহামেডানের
তার সময়ে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পাশাপাশি শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের অভিযানেও কোচিং স্টাফের অংশ ছিলেন মাকেতা।

উদীয়মান ক্রিকেটারদের নিয়ে কাজ করারও দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। দক্ষিণ আফ্রিকা ‘এ’ ও অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় একাডেমিতে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য খেলোয়াড়দের প্রস্তুত করেছেন তিনি। ফ্র্যাঞ্চাইজি ও প্রাদেশিক পর্যায়েও তিন ফরম্যাটেই কোচিং করিয়েছেন মাকেতা।

সর্বশেষ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ ও জাতীয় একাডেমির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন মাকেতা। এর আগে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলেরও কোচ ছিলেন তিনি।

২০২৩-২৪ মৌসুমে তার অধীনে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল সিএসএ ওয়ানডে কাপের ডিভিশন-২ শিরোপা জেতে। এছাড়া তার কোচিংয়ে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালেও খেলেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ