ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ৪:১৯ অপরাহ্ন

ভৈরবে বাস খাদে, আহত ১৯

কিশোরগঞ্জের ভৈরবে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে অন্তত ১৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চার-পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব পৌর শহরের জগন্নাথপুর এলাকায় ব্রহ্মপুত্র সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে। রাত ২টা ১০ মিনিটের দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

পুলিশ জানায়, যশোরের বিভিন্ন এলাকা ও এমএম কলেজের প্রায় ৪৫ থেকে ৫০ জন শিক্ষার্থী ও কর্মী বৃহস্পতিবার রাতে শিক্ষা সফরে সিলেটের উদ্দেশে রওনা হন। শুক্রবার জাফলংসহ বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে রাতে বাসে করে যশোরে ফিরছিলেন তারা। পথে ভৈরবে পৌঁছালে নড়াইল এক্সপ্রেস নামের বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদের বিকল্প বাসের ব্যবস্থা করে যশোরে পাঠানো হয়েছে।

আহত এক যাত্রী জানান, সফর শেষে ফেরার পথে বাসটি খাদে পড়ে গেলে প্রায় ২৫-২৬ জন আহত হন। তাদের মধ্যে ১৯ জন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। তিনটি অ্যাম্বুলেন্সে করে গুরুতর আহতদের ঢাকায় নেওয়া হয়।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাদের মধ্যে চার-পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। বাড়ি দূরে হওয়ায় এবং উন্নত চিকিৎসার প্রয়োজনে তাদের অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন