ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ৬:৩৯ অপরাহ্ন

চার ধরনের বন্ড ছাড়ার পরিকল্পনা

সরকারি ব্যয় ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ব্যাংকঋণের ওপর নির্ভরতা কমাতে চার ধরনের বন্ড ছাড়ার পরিকল্পনা করছে সরকার। আন্তর্জাতিক বাজারে ডলার বন্ড, চীনের বাজারে পান্ডা বন্ড, জাপানের বাজারে সামুরাই বন্ড এবং শরিয়াহভিত্তিক অর্থায়নের জন্য সুকুক ছাড়া হবে। এসব বন্ড থেকে পাওয়া অর্থ সরকারি ব্যয় ও উন্নয়ন কার্যক্রমে ব্যবহার করা হবে।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, দেশি-বিদেশি পুঁজিবাজার থেকে বিকল্প অর্থায়ন জোগাড় করে সরকারি অর্থায়নের নতুন কাঠামো গড়ে তোলা হবে।

ব্যাংক খাতের সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, দুর্বল ব্যাংকগুলোকে পুনর্মূলধনীকরণে বিশ্বব্যাংক আগ্রহ দেখিয়েছে। এ ছাড়া সংকটে থাকা ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়াতে সাহায্য করতে হংকংভিত্তিক একটি বেসরকারি ইকুইটি তহবিল গঠনের পরিকল্পনা রয়েছে। আমানতকারীদের অর্থ নিরাপদ রয়েছে এবং আমানতে কোনো ছাঁটাই হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।

কর ব্যবস্থা সংস্কারে নীতি নির্ধারণ ও কর আদায় আলাদা করার পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যবস্থাসহ রাজস্ব বোর্ডকে পুরোপুরি ডিজিটাল করা হবে। কর আদায় এরই মধ্যে ১২ শতাংশ বেড়েছে; দীর্ঘমেয়াদে কর-জিডিপি অনুপাত ৪৫ শতাংশে নেওয়ার লক্ষ্য রয়েছে। সরকারি ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়াতে আলাদা ঋণ ব্যবস্থাপনা বিভাগ গঠন করা হয়েছে।

জ্বালানি খাতে আগামী ১২ মাসে পাঁচ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ যুক্ত করার লক্ষ্যের কথা জানান মন্ত্রী, যা পরে ১০ হাজার মেগাওয়াটে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তেল-গ্যাস অনুসন্ধানে উৎপাদন ভাগাভাগি চুক্তির আলোচনা আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মূল্যস্ফীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, খাদ্য মূল্যস্ফীতি ১৪ দশমিক ১০ শতাংশ থেকে কমে প্রায় ৬ দশমিক ৪ শতাংশে নেমেছে; সার্বিক মূল্যস্ফীতি এখন ৮ দশমিক ২৭ শতাংশ। খাদ্য আমদানিতে শুল্ক কমানোয় এই অগ্রগতি হয়েছে বলে জানান তিনি।

ঋণের বোঝা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগের ২০ বছরের মোট ঋণের চেয়ে গত পাঁচ বছরে বেশি ঋণ নেওয়া হয়েছে; শুধু ঋণের সুদ পরিশোধেই বাজেটে এক লাখ কোটি টাকার বেশি বরাদ্দ রাখতে হয়েছে। তবে বৈদেশিক ঋণের কিস্তি সময়মতো পরিশোধ করা হচ্ছে বলে জানান তিনি।

সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় বর্তমানে ৫০ লাখ অতি দরিদ্র পরিবারকে মাসে আড়াই হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হচ্ছে; ভবিষ্যতে এই কর্মসূচি দুই কোটি পরিবারে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

পুঁজিবাজারকে স্বচ্ছ ও স্বয়ংক্রিয় করতে রিয়েল-টাইম লেনদেন ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান অর্থমন্ত্রী। কোম্পানি তালিকাভুক্তির প্রক্রিয়া তিন মাসে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন