ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬-এ নিরঙ্কুশ জয় পেয়েছে ‘জহির-জাহাঙ্গীর-কফিল পরিষদ’। ১৫টি পদের মধ্যে ১৩টিতেই জয় পেয়েছেন এই প্যানেলের প্রার্থীরা। গত ২৬ নভেম্বর প্রকাশিত ফলাফলে এই জয় নিশ্চিত হয়।
সভাপতি পদে মো. জহিরুল ইসলাম খান ২৪৯ ভোট (৫৫.৩৩ শতাংশ) পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ১৯৫ ভোট। সহ-সভাপতি পদে জাহাঙ্গীর হোসেন ২৫১ ভোট (৫৫.৭৮ শতাংশ) পেয়ে জয়ী হয়েছেন; তার প্রতিদ্বন্দ্বীও পেয়েছেন ১৯৫ ভোট। সাধারণ সম্পাদক পদে কফিল উদ্দিন পাটোয়ারী সর্বোচ্চ ২৮৬ ভোট (৬৩.৫৬ শতাংশ) পেয়ে বড় ব্যবধানে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ১৬০ ভোট।
প্যানেলের অন্য বিজয়ীরা হলেন—সহকারী সাধারণ সম্পাদক মো. আবু তালেব, কোষাধ্যক্ষ এস. এম. সাইকুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবীর, দপ্তর সম্পাদক মো. আতিকুর রহমান, প্রকাশনা সম্পাদক তোফায়েল আহমেদ, নাট্য সম্পাদক রাজিব চন্দ্র পাল ও ক্রীড়া সম্পাদক মো. আব্দুল আহাদ রাফি। নির্বাহী সদস্যের তিনটি পদেই জয় পেয়েছে এই পরিষদ—মো. মহিউদ্দীন সর্বোচ্চ ২৯২ ভোট পেয়েছেন; মো. গোলাম কিবরিয়া ২২৫ ও ফকরুদ্দিন হাওলাদার ২৩১ ভোট পেয়েছেন। মোট ভোটার ছিলেন ৪৫৫ জন।
প্যানেলের বাইরে দুটি পদে জয় পেয়েছেন অন্য প্রার্থীরা—সাংস্কৃতিক সম্পাদক পদে মো. শরিফুল ইসলাম (২৩১ ভোট) ও আপ্যায়ন সম্পাদক পদে ফয়ছাল কবীর (২৩০ ভোট)। প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ রফিকুল আলম এবং কমিশনের অপর দুই সদস্য মুহাম্মদ আবুল খায়ের আজাদ ও মুহাম্মদ মুরশিদ আলম স্বাক্ষরিত ফলাফল ঘোষণা করা হয়।



















