ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

ইরান-যুক্তরাষ্ট্রের সংঘাতে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাত শুরু হওয়ায় মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি ঘিরে উদ্বেগের প্রভাব পড়েছে তেলের বাজারে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৫৬ সেন্ট বা ০.৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ০৫ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবহৃত বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮৩ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ৮৬ দশমিক ৫৯ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে সোমবারও তেলের বাজারে বড় ধরনের উত্থান দেখা যায়। সেদিন ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৭ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়েছিল। যুক্তরাষ্ট্রের লারাক দ্বীপে হামলা এবং এর পর ইরানের পাল্টা হামলার পর বাজারে সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়।

গত রোববার (৩০ আগস্ট) যুক্তরাষ্ট্র ইরানের লারাক দ্বীপে দুটি রকেট উৎক্ষেপণকারী স্থাপনায় হামলা চালায়। মার্কিন সামরিক বাহিনীর দাবি, এসব স্থাপনা থেকে হরমুজ প্রণালিতে নৌমাইন ছোড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এর পর ইরান জর্ডানে থাকা দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে ইরানি সূত্রে জানানো হয়।

এই পাল্টাপাল্টি হামলার ফলে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হলে বৈশ্বিক তেল সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হতে পারে। এরই মধ্যে ওই পথে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার খবর পাওয়া গেছে।

বিশ্লেষকদের মতে, সংঘাত দীর্ঘায়িত হলে তেল সরবরাহের ঝুঁকি আরও বাড়তে পারে। এতে আন্তর্জাতিক বাজারে তেলের দামে নতুন করে ঊর্ধ্বগতি দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। বিপরীতে সামরিক উত্তেজনা কমলে সরবরাহ নিয়ে উদ্বেগও কিছুটা কমতে পারে।

এদিকে, ইরানের সঙ্গে নতুন করে সংঘাতের মধ্যে দেশটির বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের গতিপথের পাশাপাশি হরমুজ প্রণালির পরিস্থিতির ওপরও নজর রাখছেন তেলবাজারের বিনিয়োগকারীরা। তথ্যসূত্র: রয়টার্স, আল-জাজিরা

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ