দেশের বাজারে আবারও বেড়েছে সোনা ও রুপার দাম। আন্তর্জাতিক বাজারে তেজাবী (পিওর) সোনা ও রুপার মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন মূল্য একই দিন সকাল ১০টা থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ক করা সোনার অলংকারের দাম প্রতি গ্রাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ২২০ টাকা। সে হিসাবে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেট হলমার্ক করা সোনার দাম প্রতি গ্রাম ১৮ হাজার ৩৫৫ টাকা, অর্থাৎ প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৮৯৩ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ১৫ হাজার ৭৬৫ টাকা, ফলে প্রতি ভরির মূল্য ১ লাখ ৮৩ হাজার ৮৮৫ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার অলংকারের দাম প্রতি গ্রাম ১২ হাজার ৮৮০ টাকা, যা প্রতি ভরিতে ১ লাখ ৫০ হাজার ২৭৬ টাকা।
রুপার ক্ষেত্রেও নতুন দাম নির্ধারণ করেছে বাজুস। ২২ ক্যারেট রুপার অলংকারের দাম প্রতি গ্রাম ৮৩০ টাকা, অর্থাৎ প্রতি ভরি ৯ হাজার ৬৮১ টাকা। ২১ ক্যারেট রুপার দাম প্রতি গ্রাম ৩৯০ টাকা, যা প্রতি ভরি ৪ হাজার ৫৪৯ টাকা। ১৮ ক্যারেট রুপার দাম প্রতি গ্রাম ৩৩৫ টাকা, ফলে প্রতি ভরি ৩ হাজার ৯০৭ টাকা। আর সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি গ্রাম ২৫৫ টাকা, যা প্রতি ভরি ২ হাজার ৯৭৪ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে। তবে অলংকারের নকশা অনুযায়ী মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে। এছাড়া বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। সোনা ও রুপার অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে বাজুসের আগের নিয়মই বহাল থাকবে।



















