ঢাকা, সোমবার, ২৯ জুন ২০২৬, ৭:১২ অপরাহ্ন

এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন আহসান হাবিব

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন কর প্রশাসনের অভিজ্ঞ কর্মকর্তা আহসান হাবিব। তিনি বর্তমান চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হবেন। সোমবার (২৯ জুন) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নিয়োগ প্রসঙ্গে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, তিনিও বিষয়টি শুনেছেন, তবে এখনও পর্যন্ত তিনি নিয়োগের আদেশ হাতে পানি।

আহসান হাবিব ১৫তম বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। এছাড়া বিসিএস পরীক্ষায়ও নিজের ব্যাচে প্রথম স্থান অধিকার করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য, কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক এবং কর অঞ্চল-১৫-এর কমিশনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে সিআইসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে কর ফাঁকি, অর্থ পাচার ও আর্থিক অনিয়মের বিরুদ্ধে বেশ কয়েকটি আলোচিত অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে প্রশংসা অর্জন করেন।

অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম উল্কাগেমস–এর বিপুল পরিমাণ বকেয়া কর আদায়ের উদ্যোগেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কর প্রশাসনে দক্ষতা, সুশাসন প্রতিষ্ঠা এবং রাজস্ব আহরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য তিনি পরিচিত।

বর্তমানে তিনি বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন।

নতুন চেয়ারম্যান হিসেবে আহসান হাবিবের নিয়োগকে রাজস্ব প্রশাসনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে কর প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহি ও রাজস্ব আহরণে আরও গতি আসবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ