ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ করল বাংলাদেশ ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-র পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন-কে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (১৪ জুন) ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর সংশ্লিষ্ট ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা এবং ৪৭(৩) ধারার আওতায় বাংলাদেশ ব্যাংকের ওপর অর্পিত ক্ষমতা প্রয়োগ করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ব্যাংক-কোম্পানির স্বার্থ, আমানতকারীদের স্বার্থ এবং বৃহত্তর জনস্বার্থ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একইসঙ্গে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(৩) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন-কে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে মোহাম্মদ জহির হোসেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের সব ক্ষমতা প্রয়োগ করবেন এবং পর্ষদের ওপর অর্পিত যাবতীয় দায়িত্ব পালন করবেন।

এর ফলে ইসলামী ব্যাংকের বিদ্যমান পরিচালনা পর্ষদের কার্যক্রমের অবসান ঘটল এবং ব্যাংকটির ব্যবস্থাপনা ও নীতিনির্ধারণী কার্যক্রম এখন থেকে প্রশাসকের তত্ত্বাবধানে পরিচালিত হবে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ