ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩:২৭ অপরাহ্ন

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর চালানো দুটি পৃথক বিমান হামলায় অন্তত ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার (১৩ জুন) চিকিৎসা সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

নিহতদের মধ্যে একজন বুরেজ পৌরসভার কর্মী। মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবিরের কাছে একটি বর্জ্য ফেলার স্থানে ড্রোন হামলা চালালে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ওই কর্মী যখন তার কর্মস্থলে দায়িত্ব পালন করছিলেন, ঠিক তখনই ইসরায়েলি ড্রোন তাকে লক্ষ্য করে হামলা চালায়।

একই দিনে দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের আল-আমাল এলাকায় সাধারণ মানুষের একটি জমায়েতের ওপর দ্বিতীয় দফা হামলা চালানো হয়। এতে আরও দুইজন নিহত হন। তাদের মরদেহ নাসের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় এক শিশুও মাঝারি ধরনের আহত হয়েছে বলে জানা গেছে।

এর আগে শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করে যে, গত সপ্তাহে গাজায় তাদের হামলায় ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে তেল আবিবের দাবি, নিহতরা সবাই হামাস এবং ইসলামিক জিহাদ গোষ্ঠীর সদস্য ছিলেন।

২০২৫ সালের অক্টোবর থেকে গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েল নিয়মিত হামলা অব্যাহত রেখেছে। এই যুদ্ধবিরতির মূল উদ্দেশ্য ছিল ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের ভয়াবহ সামরিক আগ্রাসন থামানো। উল্লেখ্য, এই দীর্ঘ যুদ্ধে এ পর্যন্ত প্রায় ৭৩ হাজার ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৩ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। সেই সঙ্গে গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ