ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করতে বরিশালে ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর বিতরণ ও ক্যাশলেস ক্যাম্পেইন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি।
রোববার (৪ অক্টোবর) বরিশাল শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর কোড বিতরণ করেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক, এফসিএ।
‘এক দেশ এক কিউআর, লেনদেন বাংলা কিউআর’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কার্যক্রমের লক্ষ্য ছিল ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনে আরও বেশি সম্পৃক্ত করা।
এ সময় শাহ্জালাল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী সহসভাপতি মো. মাজহারুল হক, সিনিয়র সহসভাপতি মো. মমিনুল ইসলাম এবং বরিশাল শাখার ব্যবস্থাপক আবুল কালাম আজাদসহ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. জাফর ছাদেক বলেন, বরিশালে আধুনিক ও ডিজিটাল লেনদেন ব্যবস্থা আরও সম্প্রসারণের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। একটি মাত্র বাংলা কিউআর কোড স্ক্যান করে গ্রাহকরা বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে সহজেই পণ্যের মূল্য পরিশোধ করতে পারবেন।

তিনি বলেন, বাংলা কিউআর ব্যবহারের ফলে ব্যবসায়ী ও ক্রেতা উভয়ের জন্য লেনদেন আরও দ্রুত ও সুবিধাজনক হবে। একই সঙ্গে নগদ অর্থ বহনের ঝুঁকি কমার পাশাপাশি আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়বে।
শাহ্জালাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, ক্যাশলেস লেনদেনের পরিধি বাড়ানো এবং সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


















