ঢাকা, বুধবার, ২০ মে ২০২৬, ৪:১০ অপরাহ্ন

প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ে সাতে উঠে এলো বাংলাদেশ

সিলেট টেস্টে জয় পাওয়ার পর আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। দুই ধাপ এগিয়ে প্রথমবারের মতো সপ্তম স্থানে উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটিই সর্বোচ্চ র‍্যাঙ্কিং।

এর আগে ২০১৮ সালে একবার অষ্টম স্থানে উঠেছিল বাংলাদেশ। সিলেট টেস্ট শেষ হওয়ার পরপরই হালনাগাদ র‍্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি।

নতুন র‍্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ। নবম স্থান থেকে সপ্তমে উঠে এসেছে টাইগাররা। অন্যদিকে দুই ধাপ পিছিয়ে ষষ্ঠ থেকে অষ্টম স্থানে নেমে গেছে পাকিস্তান। এক ধাপ পিছিয়ে নবমে ওয়েস্ট ইন্ডিজ, আর শ্রীলঙ্কা সপ্তম থেকে উঠে গেছে ষষ্ঠ স্থানে।

পাকিস্তানকে ধবলধোলাই করার পর বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৭৮। বিপরীতে পাকিস্তানের পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭৫। বাংলাদেশের ওপরে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট ৮৬।

সিরিজ শুরুর আগে বাংলাদেশের রেটিং ছিল ৬৭, পাকিস্তানের ছিল ৮৯। অর্থাৎ এই সিরিজে বাংলাদেশের রেটিং বেড়েছে ১১ পয়েন্ট, আর পাকিস্তান হারিয়েছে ১৪ পয়েন্ট।

টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া, তাদের পয়েন্ট ১৩১। এরপর রয়েছে দক্ষিণ আফ্রিকা (১১৯), ভারত (১০৪), ইংল্যান্ড (১০২) ও নিউজিল্যান্ড (১০১)।

তালিকার নিচের দিকে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৬৮ এবং জিম্বাবুয়ের ১০। তিন বছরের চক্রে ন্যূনতম আটটি টেস্ট না খেলায় আফগানিস্তান ও আয়ারল্যান্ড র‍্যাঙ্কিং তালিকায় নেই।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ