তারকা তিন পেসারকে ছাড়া বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া
পাকিস্তান ও বাংলাদেশ সফরের জন্য সীমিত ওভারের সিরিজের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তাতে চমকই রেখেছে তারা। সফরে আসছেন না অভিজ্ঞ পেস ত্রয়ী প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড।
চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া এই সফরে বিশ্রামে থাকবেন তিন তারকা পেসার। পাকিস্তানের বিপক্ষে ৩০ মে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অধিনায়ক অলিভার পিক ও আনক্যাপড অলরাউন্ডার লিয়াম স্কট।
বাংলাদেশের বিপক্ষে জুনে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি সিরিজের দলে প্রথমবার ডাক পেয়েছেন তরুণ ব্যাটার জোয়েল ডেভিস। পাকিস্তান সফরের দলে ফিরেছেন পেসার রাইলি মেরেডিথ ও বিলি স্ট্যানলেকও।
পাকিস্তানে শুধু ওয়ানডে সিরিজ খেললেও বাংলাদেশে ৩ ওয়ানডের পাশাপাশি সমসংখ্যক টি-টোয়েন্টিও খেলবে অজি দল।
নির্বাচক কমিটির প্রধান জর্জ বেইলি মনে করেন, অভিজ্ঞদের অনুপস্থিতি নতুনদের জন্য সুযোগ তৈরি করবে। বেইলি বলেন, ‘নতুন খেলোয়াড়দের আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পেতে এবং জাতীয় দলের অংশ হতে দেখা সবসময়ই রোমাঞ্চকর। অভিজ্ঞ ও নতুন কিংবা পুনরায় ফেরা খেলোয়াড়দের সমন্বয়ে দলে ভালো ভারসাম্য এসেছে, যা উপমহাদেশের সফরগুলোতে কাজে দেবে।’

পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে সব সীমিত ওভারের ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। তবে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের। তার বদলে প্রথমবারের মতো আন্তর্জাতিক দলে ডাক পেয়েছেন জোয়েল ডেভিস।
পাকিস্তান সিরিজের অস্ট্রেলিয়ার ওয়ানডে দল:
মিচেল মার্শ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, ম্যাথিউ কুনেম্যান, মার্নাস লাবুশেন, রাইলি মেরেডিথ, অলিভার পিক, ম্যাথিউ রেনশ, তানভির সাংহা, লিয়াম স্কট, ম্যাট শর্ট, বিলি স্ট্যানলেক, অ্যাডাম জাম্পা।
বাংলাদেশ সিরিজের অস্ট্রেলিয়ার ওয়ানডে দল:
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথিউ কুনেম্যান, মার্নাস লাবুশেন, ম্যাথিউ রেনশ, তানভির সাংহা, লিয়াম স্কট, অ্যাডাম জাম্পা।
বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল:
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথিউ কুনেম্যান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাথিউ রেনশ, অ্যাডাম জাম্পা।
পাকিস্তান সিরিজের সূচি:
প্রথম ওয়ানডে: ৩০ মে, রাওয়ালপিন্ডি
দ্বিতীয় ওয়ানডে: ২ জুন, লাহোর
তৃতীয় ওয়ানডে: ৪ জুন, লাহোর
বাংলাদেশ সিরিজের সূচি:
প্রথম ওয়ানডে: ৯ জুন, ঢাকা
দ্বিতীয় ওয়ানডে: ১১ জুন, ঢাকা
তৃতীয় ওয়ানডে: ১৪ জুন, ঢাকা
প্রথম টি-টোয়েন্টি: ১৭ জুন, চট্টগ্রাম
দ্বিতীয় টি-টোয়েন্টি: ১৯ জুন, চট্টগ্রাম
তৃতীয় টি-টোয়েন্টি: ২১ জুন, চট্টগ্রাম


















