ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ৬:২৬ অপরাহ্ন

পদ্মা সেতু হয়ে বাস চলাচল প্রায় বন্ধ, ছয় স্থান ঝুঁকিপূর্ণ

পদ্মা সেতু হয়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাস চলাচল গতকাল শনিবার রাত থেকে প্রায় বন্ধ আছে। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবরোধের কারণে বাস চলছে না। এ ছাড়া গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মহাসড়কে গাছ ফেলে রাখায় যানবাহন চলাচল করতে পারছে না।

পরিবহনমালিক-শ্রমিক সূত্রগুলো বলছে, পদ্মা সেতু হয়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাস চালানোর জন্য ছয়টি স্থান ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। জায়গাগুলো হচ্ছে গোপালগঞ্জ মোড়, মোল্লারহাট মোড়, ঘোনাপাড়া, মুকসুদপুর, ভাটিয়া পাড়া ও খুলনা জিরো পয়েন্ট। ১৯ নভেম্বর বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে পুলিশের প্রধান কার্যালয়ে চিঠি দিয়ে ঝুঁকিপূর্ণ জায়গাগুলোয় নিরাপত্তা জোরদার করার অনুরোধ জানানো হয়েছে। এসব স্থানে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) পাহারা বসানোর অনুরোধ জানায় পরিবহন মালিক সমিতি।

পরিবহন খাতের সূত্রগুলো বলছে, ১৭ নভেম্বর থেকে ঝুঁকিপূর্ণ এই ছয়টির কোনো না কোনো স্থানে সংঘাত, গাছ ফেলে বা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। ফলে স্বাভাবিক অবস্থায়ও এই পথে বাস চালানো কমিয়ে দেওয়া হয়েছে। দুই সপ্তাহ ধরে পদ্মা সেতু হয়ে বাস চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। কোনো দিন বাস চলে, কোনো দিন বন্ধ থাকে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল বিকেলের পর মোল্লারহাট সেতুতে মারামারির ঘটনা ঘটে। এর পর থেকেই খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটসহ কিছু জেলার বাস চলাচল বন্ধ হয়ে যায়। আজ রোববার ভোর থেকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘাতের কারণে পুরো দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাস চলছে না।

পরিবহনমালিক-শ্রমিক সূত্র বলছে, পদ্মা সেতু হয়ে প্রতিদিন প্রায় দেড় হাজারের মতো বাস চলাচল করে। মূলত বরিশাল বিভাগ, খুলনা বিভাগের কয়েকটি জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, শরীয়তপুর ও মাদারীপুর এই পথে বাস চলাচল করে। প্রধানত ঢাকার সায়েদাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল থেকে পদ্মা সেতু হয়ে চলাচলকারী বাসগুলো ছাড়া হয়। তবে কেউ কেউ সায়েদাবাদ ও ফুলবাড়িয়া থেকে বিকল্প হিসেবে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি পথে অল্প কিছু বাস চালাচ্ছেন।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম বলেন, গোপালগঞ্জ এলাকায় কিছু ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়েছেন। এসব ঝুঁকি নিয়ে বাস চালানো কঠিন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন