ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ৫:২২ অপরাহ্ন

পাকিস্তানের সঙ্গে পাঁচ বছরের বাণিজ্য সমঝোতা

দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ শক্তিশালী করা ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তানের সঙ্গে সরকারি পর্যায়ে বাণিজ্য সহযোগিতার নতুন দ্বার খুলল। এ লক্ষ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ও ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) মধ্যে পাঁচ বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

আজ রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। বাংলাদেশের পক্ষে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ ও পাকিস্তানের পক্ষে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার ইমরান হায়দার এতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ দুই দেশের সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমঝোতার আওতায় দুই দেশ নিজেদের চাহিদা অনুযায়ী চাল, গম, চিনি, ভোজ্যতেল, ডালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য, কৃষিপণ্য ও কৃষি উপকরণ আমদানি-রপ্তানি করতে পারবে। সম্ভাব্য পণ্যের তালিকায় রয়েছে সব ধরনের চাল, গম, পরিশোধিত ও অপরিশোধিত চিনি, ক্যানোলা, সয়াবিন, সূর্যমুখী, রাইস ব্র্যান ও পাম অলিনসহ বিভিন্ন ধরনের ভোজ্যতেল। এ ছাড়া তিল, আলু, পেঁয়াজ, মসুর ডাল, ছোলা, চা, আনারস, কাঁঠাল, খেজুর এবং সারসহ বিভিন্ন কৃষিপণ্য ও কৃষি উপকরণও এ বাণিজ্য সহযোগিতার আওতায় থাকবে।

তবে সমঝোতা স্মারক স্বাক্ষরের অর্থ এই নয় যে এসব পণ্য আমদানি বা রপ্তানির চূড়ান্ত চুক্তি হয়ে গেছে। কোনো পক্ষ নির্দিষ্ট পণ্য সংগ্রহ করতে চাইলে পণ্যের মান, পরিমাণ, স্পেসিফিকেশন ও সম্ভাব্য সরবরাহের সময় উল্লেখ করে অপর পক্ষকে লিখিত প্রস্তাব দিতে হবে। পরে আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে পণ্যভিত্তিক পৃথক চুক্তি করে সরবরাহের শর্ত চূড়ান্ত করা হবে। ফলে দুই দেশের মধ্যে সরাসরি সরকারি বাণিজ্যের একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হলেও প্রতিটি লেনদেনের মূল্য, পরিমাণ, গুণগত মান ও সরবরাহের সময়সূচি পৃথকভাবে নির্ধারণ করা হবে।

অনুষ্ঠানে বাণিজ্যসচিব বলেন, এ সমঝোতার মাধ্যমে দুই দেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি ও সুসংগঠিত বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠবে। এতে উভয় দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কৃষিপণ্য আমদানি-রপ্তানিতে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে। এ উদ্যোগ দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পাকিস্তানের হাইকমিশনার বলেন, এ সমঝোতার মাধ্যমে দুই দেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি প্রাতিষ্ঠানিক সম্পর্ক তৈরি হবে, যা নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি-রপ্তানি ও সরবরাহব্যবস্থাকে আরও সুসংগঠিত করতে সহায়তা করবে। তিনি জানান, পাকিস্তানে বাসমতি চাল, পেঁয়াজ, আলু ও মসলাসহ বিভিন্ন কৃষিপণ্যের উদ্বৃত্ত মজুত রয়েছে। বাংলাদেশের চাহিদা অনুযায়ী এসব পণ্য সরবরাহে পাকিস্তান প্রস্তুত রয়েছে।

হাইকমিশনার আরও জানান, সাম্প্রতিক সময়ে বাণিজ্য, শিক্ষা ও যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বেড়েছে। বাংলাদেশ থেকে আমদানি করা হাইড্রোজেন পারঅক্সাইডের ওপর অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার করেছে পাকিস্তান। পাশাপাশি বাংলাদেশ থেকে বছরে ১০ হাজার মেট্রিক টন চা আমদানির ক্ষেত্রে শুল্কমুক্ত কোটা বহাল রেখেছে দেশটি। গত অক্টোবরে ঢাকা থেকে বাংলাদেশি আনারসের প্রথম চালান করাচিতে পৌঁছেছে বলেও তিনি উল্লেখ করেন।

টিসিবির চেয়ারম্যান বলেন, এ সমঝোতা স্মারক কেবল আনুষ্ঠানিক দলিল বা পারস্পরিক সদিচ্ছার প্রকাশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং এর লক্ষ্যকে বাস্তব বাণিজ্যিক ফলাফলে রূপ দেওয়াই হবে দুই প্রতিষ্ঠানের সম্মিলিত দায়িত্ব। সুনির্দিষ্ট পণ্য চিহ্নিতকরণ, প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ, গুণগত মান নিশ্চিতকরণ এবং উভয় দেশের চাহিদা অনুযায়ী সময়মতো পণ্য সরবরাহের লক্ষ্যে টিসিবি ও টিসিপি নিবিড়ভাবে কাজ করবে বলে তিনি জানান। এর মাধ্যমে দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা বাড়বে এবং বাস্তবভিত্তিক বাণিজ্য সম্প্রসারণের পথ আরও সুগম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সমঝোতা স্মারকটি স্বাক্ষরের দিন থেকে পাঁচ বছর কার্যকর থাকবে। কোনো পক্ষ বাতিলের উদ্যোগ না নিলে এটি স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছরের জন্য নবায়ন হবে। তবে যেকোনো পক্ষ কূটনৈতিক মাধ্যমে অন্তত তিন মাস আগে লিখিত নোটিশ দিয়ে এটি বাতিল করতে পারবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন