খেলাপি ঋণ আদায়ের কাজ দ্রুত করতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতিতে পাঁচটি প্রতিষ্ঠানকে মধ্যস্থতাকারী হিসেবে তালিকাভুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক।
রোববার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে জারি করা বিআরপিডি-২ সার্কুলার লেটার নম্বর ১৯-এর মাধ্যমে এ তালিকা প্রকাশ করা হয়। তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো হলো—বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিআইএসি), হুধহুদ সলিউশনস পিএলসি, লবিয়িং অ্যান্ড দ্য ল (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড, মার্স ফাইন্যান্সিয়াল অ্যান্ড লিগ্যাল কনসালটেন্সি লিমিটেড এবং সিটিজেনস অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন হাউস।
এর আগে গত ২০ আগস্ট জারি করা বিআরপিডি-২ সার্কুলার নম্বর ৪-এর আওতায় ‘বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্তিকরণ সংক্রান্ত নীতিমালা, ২০২৬’ প্রণয়ন করা হয়। নীতিমালার আলোকে গত ৮ সেপ্টেম্বর পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছিল। মোট ২৩টি আবেদন জমা পড়ে। আবেদনগুলো যাচাই-বাছাই ও নীতিমালার শর্ত অনুযায়ী মূল্যায়ন শেষে ন্যূনতম যোগ্যতা অর্জনকারী পাঁচটি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। তালিকাভুক্তির মেয়াদ হবে আগামী তিন বছর।
মধ্যস্থতাকারী প্যানেলে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি অন্তর্ভুক্ত করা যাবে না। এছাড়া প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স ও আয়কর শনাক্তকরণ নম্বর থাকতে হবে, আবেদনের সময় তিন বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী ও তিন বছরের ব্যবসায়িক-পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। প্রতিষ্ঠান বা এর পরিচালনা পর্ষদের কোনো সদস্য কিংবা প্রধান নির্বাহী কর্মকর্তা দেউলিয়া বা ঋণখেলাপি হতে পারবেন না; তাঁদের বিরুদ্ধে প্রতারণা, দুর্নীতি, অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিং বা অন্য কোনো গুরুতর ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়ার রেকর্ড থাকা যাবে না।
কেন্দ্রীয় ব্যাংকের আশা, এ উদ্যোগের ফলে খেলাপি ঋণ আদায়ে দীর্ঘসূত্রতা কমবে এবং ঋণ আদায় কার্যক্রম আরও গতিশীল হবে। মামলার বাইরে গিয়ে আলোচনার ভিত্তিতে খেলাপি ঋণ কমিয়ে আনতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। মধ্যস্থতা কার্যক্রমের প্রসার এবং তালিকায় আরও যোগ্য প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করতে শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে তালিকাভুক্তির দ্বিতীয় পর্যায় শুরু করা হবে।



















