ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

মার্কিন ‘জলদস্যুতা’র প্রতিবাদে জাতিসংঘে ইরান

মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানি জাহাজ জব্দের ঘটনাকে ‘জলদস্যুতা’ আখ্যা দিয়ে জাতিসংঘে তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরান। এই পদক্ষেপের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, চিঠিতে ইরাভানি মার্কিন কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছেন। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র তাদের অভ্যন্তরীণ আইনের দোহাই দিয়ে আন্তর্জাতিক জলসীমায় জাহাজ জব্দের যে চর্চা শুরু করেছে, তা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। বলপ্রয়োগের মাধ্যমে এ ধরনের জঘন্য অপরাধ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আমির সাইদ ইরাভানি তার চিঠিতে আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এই আচরণ মূলত একটি ‘অবৈধ জবরদস্তি’ এবং বৈধ আন্তর্জাতিক বাণিজ্যে সরাসরি হস্তক্ষেপ। অন্যের সম্পদ বেআইনিভাবে দখল করার এই প্রবণতা বিশ্বজুড়ে একটি বিপজ্জনক নজির স্থাপন করছে। এটি আন্তর্জাতিক আইনের শাসনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে বলেও তিনি চিঠিতে সতর্ক করেন।

উল্লেখ্য, ইরান দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা কার্যকর করার নামে বিভিন্ন সময় আন্তর্জাতিক রুটে চলাচলকারী ইরানি তেলের ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজ অবৈধভাবে জব্দ করে আসছে। তেহরান এই বিষয়টিকে সমুদ্রসীমায় মার্কিন ‘জলদস্যুতা’ হিসেবেই দেখছে।

সূত্র: আল-জাজিরা

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ