ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৫:৩০ অপরাহ্ন

ইরানের বন্দর নিয়ে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সতর্কবার্তা

ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অবরোধ বৈশ্বিক বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছে ক্রেমলিন।

রুশ প্রেসিডেন্ট কার্যালয় এক বিবৃতিতে জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিস্তারিত এখনো পুরোপুরি স্পষ্ট নয়। তবে এতে ইরান-সংযুক্ত জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা বা এমনকি হরমুজ প্রণালি ঘিরে বৃহত্তর অবরোধের সম্ভাবনা রয়েছে।

রাশিয়া আরও জানিয়েছে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম গ্রহণের তাদের প্রস্তাব এখনো কার্যকর রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক অনুরোধ পায়নি মস্কো। একই সঙ্গে অঞ্চলটিতে উত্তেজনা বাড়াতে পারে—এমন পদক্ষেপ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

এর আগে পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘ আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। এরপর যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগামী জাহাজ চলাচলে অবরোধের ঘোষণা দেয়।

এর প্রতিক্রিয়ায় ইরান সতর্ক করে জানিয়েছে, তাদের বন্দর লক্ষ্য করে কোনো পদক্ষেপ নেওয়া হলে উপসাগরীয় অঞ্চল ও ওমান সাগরের কোনো বন্দরই নিরাপদ থাকবে না।

বিশ্লেষকদের মতে, পরিস্থিতি আরও উত্তপ্ত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ