ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৯:৪০ পূর্বাহ্ন

ভারতে বিশ্বকাপ মিশনে গিয়ে বিপদে নিউজিল্যান্ড শিবির

বর্তমানে ভারত সফরে থাকা নিউজিল্যান্ড ক্রিকেট দল আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে, তবে টুর্নামেন্ট শুরুর আগে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে। ভাইরাসজনিত অসুস্থতার কারণে দলের দুই গুরুত্বপূর্ণ ব্যাটার রাচিন রবীন্দ্র এবং ডেভন কনওয়ে আক্রান্ত হয়েছেন। নিউজিল্যান্ড দলের প্রধান কোচ রব ওয়াল্টার এ তথ্য নিশ্চিত করেছেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওয়াল্টার জানিয়েছেন, অসুস্থতার কারণে রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অংশ নিতে পারবেন না। এ ছাড়া ফিন অ্যালেনকেও বিশ্রামে রাখা হয়েছে, কারণ তিনি কাঁধের চোট থেকে সেরে উঠছেন এবং তাকে কোনো ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট।

ওয়াল্টার বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এখন কিছু অসুস্থতার সমস্যা রয়েছে। রাচিন ও ডেভন ভাইরাসে আক্রান্ত, যা সফরের সময় সাধারণত ঘটে থাকে। রাচিন আমার পাশের রুমে আছে এবং সারা রাত তার অবস্থা ভালো ছিল না। তবে সবাই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে এবং আশা করছি প্রথম ম্যাচের আগেই তারা ফিট হয়ে যাবে।’

সম্প্রতি ভারত সফরে নিউজিল্যান্ড ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে। ওই সিরিজে মাইকেল ব্রেসওয়েলও কাফ ইনজুরির কারণে খেলেননি। তবে ওয়াল্টার আশা করছেন, বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রেসওয়েল এবং অ্যালেনকে পাওয়া যাবে। তিনি বলেন, ‘এখনকার অবস্থা অনুযায়ী সবাই ফিট হতে চলেছে, যা প্রথম ম্যাচের জন্য ভালো খবর।’

এবারের বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, কানাডা এবং সংযুক্ত আরব আমিরাত। কিউইরা ৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে। অন্যদিকে, পেস বোলিং অলরাউন্ডার জিমি নিশামও অসুস্থ হয়ে পড়েছেন, এবং পেসার লকি ফার্গুসন ইনজুরি থেকে সেরে উঠে দলের সঙ্গে যোগ দিতে প্রস্তুত।

অ্যাডাম মিলনের অনুপস্থিতিতে ফার্গুসনকেই এখন দায়িত্ব নিতে হবে, বলেন ওয়াল্টার। তিনি আরও বলেন, ‘ফার্গুসন নিজেকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে অনেক পরিশ্রম করেছে। সে জানিয়েছে ধীরে ধীরে শুরু করবে, তবে ১৪৫ কিলোমিটার গতিতে বল করেছে। যদি এটাকেই সে ‘ধীরে শুরু’ বলে, তবে আমি কৌতূহলী আছি, সামনে তার পারফরম্যান্স কেমন হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ