আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। এর বিপরীতে প্রতিক্রিয়া জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) তারা সতর্কবার্তা দিয়ে বলেছে, ম্যাচ বয়কটের ফলে পাকিস্তান ক্রিকেটের ওপর গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে।
বাংলাদেশকে বাদ দেওয়ার পর থেকেই বিশ্বকাপে পাকিস্তান খেলবে কিনা এ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। রোববার এক্স হ্যান্ডেলে এক পোস্টে পাকিস্তান সরকার জানায়, তারা বিশ্বকাপে খেলবে, তবে খেলবে না গ্রুপ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচটি।
এর ঘণ্টা তিনেক পর এক বিবৃতিতে পিসিবিকে সতর্ক করে একটি বিবৃতি দেয় আইসিসি।l
“২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে কিছু ম্যাচে অংশগ্রহণের বিষয়ে পাকিস্তান সরকার যে অবস্থানের কথা জানিয়েছে, তা আইসিসির নজরে এসেছে। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) থেকে আনুষ্ঠানিকভাবে জানার অপেক্ষায় আইসিসি। তবে নির্দিষ্ট ম্যাচে অংশগ্রহণের এই ধারণা একটি বৈশ্বিক ক্রীড়া ইভেন্টের মৌলিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, যেখানে সূচি অনুযায়ী সব দল সমান শর্তে লড়াই করবে বলে আশা করা হচ্ছে।”
“আইসিসি আশা করছে, পিসিবি নিজ দেশে ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনা করবে। কারণ এটি বৈশ্বিক ক্রিকেট ব্যবস্থার ওপর প্রভাব ফেলতে পারে, যার অংশীদার ও সুবিধাভোগী পিসিবি নিজেও।”

“আইসিসির অগ্রাধিকার হলো আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ সফলভাবে আয়োজন করা, যা পিসিবিসহ সকল সদস্যের দায়িত্ব হওয়া উচিত। আশা করা হচ্ছে যে, পিসিবি পারস্পরিকভাবে গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করবে, যা সকল অংশীদারের স্বার্থ রক্ষা করবে।”
রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ এক যুগের বেশি সময় ধরে। কেবল বৈশ্বিক ও এশিয়ান আসরেই দেখা যায় চিরবৈরী দুই প্রতিবেশীর লড়াই।


















