কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র আর নেই। রোববার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা মিশা সওদাগর।
দীর্ঘদিন ধরে প্রবীর মিত্র শ্বাসকষ্টসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত ২২ ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সংকটাপন্ন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল।
জীবন ও কর্ম
প্রবীর মিত্র ১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন এবং পুরান ঢাকায় বেড়ে ওঠেন। তার পুরো নাম ছিল প্রবীর কুমার মিত্র। স্কুলজীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। প্রথম অভিনয় করেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে।
১৯৬৯ সালে নির্মিত এবং ১৯৭১ সালের ১ জানুয়ারি মুক্তিপ্রাপ্ত প্রয়াত এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয়। প্রায় চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে তিনি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নিজেকে অমর করে গেছেন।
উল্লেখযোগ্য কাজ ও স্বীকৃতি
‘ফরিয়াদ’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘অঙ্গার’, ‘বড় ভালো লোক ছিল’, ‘মধুমিতা’, ‘অনুরাগ’সহ অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। নান্দনিক অভিনয়ের জন্য প্রশংসিত হলেও পুরস্কার পেয়েছেন তুলনামূলক কম। ১৯৮২ সালে ‘বড় ভালো লোক ছিল’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রের অভিনেতা হিসেবে স্বীকৃতি পান। ২০১৮ সালে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা লাভ করেন।

শেষ দিনগুলো
শারীরিক অসুস্থতার কারণে শেষ কয়েক বছর অভিনয়ে অনিয়মিত ছিলেন প্রবীর মিত্র। দিনগুলো কাটত ঘরবন্দি অবস্থায়। তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।


















