নারায়ণগঞ্জের কাঁচপুর ও ফতুল্লায় পৃথক দুটি দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ মোট ৬ জন দগ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের সবাইকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।
জানা গেছে, শনিবার (১০ অক্টোবর) রাত দেড়টার দিকে নারায়ণগঞ্জের কাচপুরে এ ঘটনা ঘটে। দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা ব্যক্তিরা জানিয়েছেন, একই ঘটনায় দুই পরিবারের সদস্যরা দগ্ধ হয়েছেন।
দগ্ধরা হলেন– রোজিনা (৩০), তার স্বামী শরিফ (৩৪) রিয়াজ (২২) ও রনি (১৯)। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, রনির শরীরের ৭০ শতাংশ, রোজিনার ৬০ শতাংশ এবং শরিফ ও রিয়াজের শরীরের ৪০ শতাংশ করে দগ্ধ হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ চারজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনার পর তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসা অব্যাহত রয়েছে।
অন্যদিকে, নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি কারখানায় কাজ করার সময় আনোয়ার (৪০) ও শামসুল (৩০) নামের দুজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) রাতে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, আনোয়ারের শরীরের ৫৪ শতাংশ দগ্ধ হয়েছে। অন্যদিকে, সামসুলের শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছে। তার শ্বাসনালিতেও আঘাত রয়েছে।


















