ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৫:৩১ পূর্বাহ্ন

মার্কিন যুক্তরাষ্ট্রে মন্দিরার ‘নীলচক্র’ সিনেমার প্রিমিয়ার প্রদর্শনী

গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় ‘কাজলরেখা’ দিয়ে আলোচনায় আসা নবাগত অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী এবার নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন। তার দ্বিতীয় সিনেমা ‘নীলচক্র’, যেখানে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন তিনি, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রিমিয়ার প্রদর্শনীর মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে যাত্রা শুরু করেছে।

লাস ভেগাসে আমেরিকান ফিল্ম মার্কেটে অনুষ্ঠিত প্রিমিয়ারে উপস্থিত ছিলেন সিনেমাটির নির্মাতা মিঠু খানসহ সংশ্লিষ্ট অনেকে। প্রিমিয়ার শো নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মন্দিরা বলেন, “প্রথম সিনেমা দিয়ে দর্শকদের যে ভালোবাসা পেয়েছি, তা অব্যাহত রাখতে চাই। আন্তর্জাতিক প্রিমিয়ারে সিনেমাটি প্রশংসিত হয়েছে, যা আমার প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।”

‘নীলচক্র’ বর্তমান প্রজন্মের জীবনে প্রযুক্তি এবং অনলাইনের প্রভাব নিয়ে নির্মিত। এতে দেখানো হয়েছে কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যম কখনো কখনো মানুষের জীবনে বিপর্যয় বয়ে আনে। এমন একটি সচেতনতামূলক গল্প নিয়েই সিনেমাটি নির্মিত হয়েছে।

‘কাজলরেখা’ দিয়ে নিজেকে প্রমাণ করা মন্দিরার এই সিনেমাটিও দর্শকদের মনে জায়গা করে নেবে বলে মনে করছেন সিনেমাপ্রেমীরা। আন্তর্জাতিক মঞ্চে ইতিবাচক প্রতিক্রিয়ার পর এবার দেশীয় দর্শকদের প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় আছেন মন্দিরা।

‘নীলচক্র’ শিগগিরই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ