ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

অভিনেত্রী আফরোজা হোসেনের মৃত্যুতে শোকাচ্ছন্ন তারকাজগত

ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আফরোজা হোসেন। আজ ভোর ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সহকর্মী, ভক্ত এবং অনুরাগীদের মাঝে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী পারসা ইভানা শোক জানিয়ে লিখেছেন, “অভিনেত্রী আফরোজা হোসেন আপু আর নেই। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।” নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকু আফরোজার ছবি শেয়ার করে জানিয়েছেন, “অভিনেত্রী আফরোজা হোসেন আর নেই। আজ ভোরে তিনি চলে গেছেন।”

অন্যদিকে, অভিনেত্রী মনিরা আক্তার মিঠু শোক প্রকাশ করে লিখেছেন, “আপা, আমি এখন তিনবেলা ফোনে কার সাথে কথা বলবো? তোমার সন্তান নাঈমকে আমি কীভাবে সান্ত্বনা দেব? তুমি যাও, আমি আসছি গো আপা।”

২০২২ সালে জরায়ুর ক্যানসার ধরা পড়ার পর থেকে তিনি এই রোগের সঙ্গে সংগ্রাম করছিলেন। ক্যানসারটি ছড়িয়ে পড়ে তার মেরুদণ্ডেও।

২০০৮ সালে অভিনয়ে পথচলা শুরু করেন আফরোজা হোসেন। ইউনেসকোর সচেতনতামূলক নাটকে অভিনয়ের মাধ্যমে তার অভিষেক ঘটে, যা পরে বিটিভিতে দুই বছর প্রচারিত হয়। “আবার বসন্ত” সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন। ২০১৩ সালে নাটকে মনোনিবেশের সিদ্ধান্ত নিয়ে ছোট পর্দায় নিজেকে নিবেদন করেন। তার চরিত্রের প্রতি নিপুণতা ও দক্ষতা তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ